বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশ-ফ্রান্স দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠকে সুশাসন, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দুর্নীতি প্রতিরোধ ও একটি স্বচ্ছ ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় হয়।ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে এমিলি পালাউয়ান। এছাড়া বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।