সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু এবং ৫০০ শয্যার হাসপাতালের সেবা দ্রুত চালুর দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে হাসপাতালটি চালু না হওয়ায় একদিকে শিক্ষার্থীরা ব্যবহারিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সুনামগঞ্জের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।রোববার (৫ জুলাই) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শান্তিগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সমিতির সভাপতি ও ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন।মানববন্ধনে বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতালের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও প্রায় এক বছর ধরে এর কার্যক্রম শুরু হয়নি। ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে চিকিৎসা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এবং জেলার লাখো মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকছেন।তাদের অভিযোগ, জনবল নিয়োগ ও প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাব দেখিয়ে হাসপাতাল চালুতে অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে। অথচ বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন অচল থাকায় সরকারি বিনিয়োগও যথাযথভাবে কাজে লাগছে না।বক্তারা অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের পাশাপাশি সব ধরনের প্রশাসনিক জটিলতা দূর করে মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ একাডেমিক কার্যক্রম এবং ৫০০ শয্যার হাসপাতালের সেবা চালুর দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।মানববন্ধনে বক্তব্য দেন শান্তিগঞ্জ সমিতি, সিলেটের সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, শোয়েব আহমদ, মো. মশিউর রহমান, মো. তালেব হোসেন, বশির আহমদ, মো. শাহ আলম, রাফি মিজান, সোহাগ ভূঁইয়াসহ অন্যরা।