তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে।বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। এটি যেন শুধু একটি ধারণার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবে প্রতিষ্ঠিত হয়—এ লক্ষ্যেই কাজ করা হচ্ছে। এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন।তিনি বলেন, দেশের জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে যথাযথভাবে কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ-তরুণীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে। যাদের ব্যবসা শুরু করার মতো আর্থিক সামর্থ্য নেই, তাদের সিড মানি দেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড রেখেছে।অনুষ্ঠানে আলোচকরা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতা অর্জন এবং নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা তরুণদের শিক্ষার্থী, দক্ষ কর্মী, উদ্যোক্তা, নেতা, সিদ্ধান্ত গ্রহণকারী এবং পরিবর্তনের নেতৃত্বদাতা হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব Jaouad Azaoui, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। এছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।