সন্ত্রাসবিরোধী আইনে মামলা, অজ্ঞাত আসামি আরও ১০০ থেকে ১২০; গ্রেপ্তার ৫ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।মঙ্গলবার ভোরে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় শেখ হাসিনার পাশাপাশি জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের আলামত জব্দের ঘটনায় এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলার পর পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।পুলিশের ভাষ্যপুলিশ জানায়, গত সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫ থেকে ২০ জনকে ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায়।পুলিশের দাবি, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে আটটি লাঠি জব্দ করা হয়। পুলিশ এগুলোকে মামলার আলামত হিসেবে দেখিয়েছে।মামলার বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।