অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা, পল্টনের ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, দুপুর ১১:৫৫ সময়
রাজধানীর পল্টনে সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে ১১ দিনে ১৪ জন মালয়েশিয়াগামী কর্মীর মেডিকেল পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার তথ্য পাওয়া গেছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিচালিত অভিযানে পল্টনের বক্স কালভার্ট রোডে অবস্থিত হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার বন্ধ করে দেওয়া হয়।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ অক্টোবর পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়া যায়। এর মধ্যে গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ জন মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দেওয়ার প্রমাণ মেলে। তবে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না।অভিযানে প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া যায়। সরকারি অনুমোদন ছাড়া বিদেশগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার বিষয়টি শনাক্ত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়।