নিউমার্কেটে আগামী সপ্তাহে উচ্ছেদ অভিযান: ডিএসসিসি প্রশাসকরাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ দোকান বসালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা এবং মালামাল জব্দের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, অবৈধ দোকান সরাতে অনুরোধ করার সময় শেষ হয়েছে। এখন থেকে নিয়মের বাইরে দোকান বসালে আইনি ব্যবস্থা নেওয়া হবে।শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়।নিউমার্কেটে ফের উচ্ছেদ অভিযানসড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, অবৈধ হকার ও ভাসমান দোকানের কারণে যানজট বাড়ছে, যত্রতত্র বর্জ্য জমছে এবং পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। নগরবাসীকে এ দুর্ভোগ থেকে মুক্তি দিতে রাস্তা ও ফুটপাত দখলের সুযোগ দেওয়া হবে না।নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আগামী সপ্তাহে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি। ওই এলাকায় সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন ডিএসসিসি প্রশাসক।ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্বডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া উচিত নয়।রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক র্যালি ও প্রচার চালানো হবে বলেও জানান তিনি।মালিবাগে বর্জ্য স্থানান্তরকেন্দ্র সরানো হয়েছেমালিবাগে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়ার বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে কেন্দ্রটি স্থানান্তর করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন একটি এসটিএস নির্মাণের কাজ চলছে। চলতি মাসের মধ্যেই কাজটি শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।সিআইডি কার্যালয় থেকে ফকিরাপুল পর্যন্ত অভিযান‘ক্লিনিং ডে’ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। পথে প্রশাসক জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।দিনব্যাপী কর্মসূচিতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।