আন্তর্জাতিক গবেষকদের জন্য টরন্টো বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ তিনটি ফেলোশিপের সুযোগকানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর স্কারবোরো ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পোস্টডক্টরাল গবেষণার জন্য সর্বোচ্চ তিনটি ফেলোশিপ দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় নির্বাচিত গবেষকেরা সর্বোচ্চ দুই বছর গবেষণার সুযোগ পাবেন। পূর্ণ অর্থায়নের ফেলোশিপে বছরে সর্বোচ্চ ৫৯ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে। কানাডার নাগরিকদের পাশাপাশি আন্তর্জাতিক গবেষকেরাও এতে আবেদন করতে পারবেন।বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ কর্মসূচিতে পূর্ণ ও আংশিক—দুই ধরনের অর্থায়নের ব্যবস্থা রয়েছে। পূর্ণ ফেলোশিপে বছরে ৫৯ হাজার কানাডীয় ডলার এবং আংশিক ফেলোশিপে ২৯ হাজার ৫০০ কানাডীয় ডলার দেওয়া হবে। অর্থের পরিমাণ ফেলোর বেতন ও চাকরিসংশ্লিষ্ট ব্যয়ের জন্য বরাদ্দ।আবেদনের সময়সীমাফেলোশিপের জন্য আগ্রহ প্রকাশের নোটিশ জমা দেওয়ার শেষ সময় ২৭ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। পূর্ণাঙ্গ আবেদন জমা দিতে হবে ১০ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে।২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের ফল প্রকাশের কথা রয়েছে। নির্বাচিত গবেষকদের ফেলোশিপ শুরু হবে ২০২৭ সালের ১ মে থেকে ২০২৮ সালের ১৫ জানুয়ারির মধ্যে।কারা আবেদন করতে পারবেনআবেদনকারীদের পিএইচডি বা সমমানের ডক্টরাল ডিগ্রিধারী হতে হবে অথবা ডিগ্রি অর্জনের প্রক্রিয়ায় থাকতে হবে। সাধারণত ফেলোশিপ শুরুর আগের তিন বছরের মধ্যে ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেছেন—এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটি কিংবা চিকিৎসাজনিত ছুটির মতো বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেওয়া হতে পারে।প্রার্থীদের একাডেমিক উৎকর্ষ ও গবেষণার সম্ভাবনার প্রমাণ দিতে হবে। পাশাপাশি ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবোরোর স্থায়ী শিক্ষক অথবা স্থায়ী পদে নিয়োগের ধারায় থাকা কোনো শিক্ষককে গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে পেতে হবে।এর আগে একাধিক পোস্টডক্টরাল নিয়োগে কাজ করেছেন—এমন প্রার্থীরা এ কর্মসূচির জন্য যোগ্য বিবেচিত হবেন না। ফেলোশিপের অর্থ ছাড়ের আগে আবেদনকারীদের ডক্টরাল ডিগ্রির সব শর্ত পূরণ করতে হবে।আংশিক অর্থায়নের শর্তপূর্ণ অর্থায়নে বছরে ৫৯ হাজার কানাডীয় ডলার দেওয়া হলেও আংশিক অর্থায়নের ক্ষেত্রে বরাদ্দ ২৯ হাজার ৫০০ কানাডীয় ডলার। এ ক্ষেত্রে তত্ত্বাবধায়ক শিক্ষক বা সংশ্লিষ্ট বিভাগকে ফেলোশিপের সমপরিমাণ অর্থের ব্যবস্থা করতে হবে। কর্মসূচির নিয়ম অনুযায়ী অতিরিক্ত ব্যয় থাকলে তা-ও বহন করতে হবে।যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীদের প্রথমে ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবোরোর সম্ভাব্য তত্ত্বাবধায়ক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে গবেষণার প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষক প্রার্থীকে মনোনয়ন দেবেন এবং আবেদনপ্রক্রিয়া সমন্বয় করবেন।আবেদনের সঙ্গে মনোনয়ন ফরম, তত্ত্বাবধায়কের সুপারিশপত্র, গবেষণা প্রস্তাব, জীবনবৃত্তান্ত, গবেষণায় অবদান ও নেতৃত্বের বিবরণ এবং দুটি একাডেমিক সুপারিশপত্র জমা দিতে হবে। পূর্ণাঙ্গ আবেদনপত্র একটি পিডিএফ ফাইলে নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে।যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও আবেদনপ্রক্রিয়ার বিস্তারিত জানতে ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবোরোর আনুষ্ঠানিক ওয়েবসাইটের সংশ্লিষ্ট ফেলোশিপ বিজ্ঞপ্তি দেখতে হবে।