বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা-২০২৫-এ সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ। তবে এ আয়োজনের কারণে পূর্বঘোষিত রুটিন অনুযায়ী একটি কোর্সের চূড়ান্ত পরীক্ষা যথাসময়ে না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা।রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপাচার্যের আহ্বান: দায়িত্ব পালনে বিবেক-বুদ্ধির প্রয়োগআইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া আইন অনুষদের তিনটি বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উপাচার্য বলেন, দেশের প্রতি সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। শিক্ষা ব্যবস্থায় সমাজের সব শ্রেণির মানুষের অবদান বিবেচনায় নিয়ে তাঁদের দায়িত্ব পালন করতে হবে। সৃষ্টিকর্তার কথা স্মরণ রেখে বিবেক-বুদ্ধি প্রয়োগ করে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।প্রস্তুতিতে সাধারণ ও আইন বিষয়ে সমান গুরুত্বসংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী রোকোনুজ্জামান রায়হান বলেন, আইন বিভাগের শিক্ষকদের আন্তরিকতা এবং প্রতিবছর সিনিয়রদের বিচারক হিসেবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়া তাঁদের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা জুগিয়েছে।বিজেএস পরীক্ষায় সফল হতে শুরু থেকেই দৃঢ়প্রতিজ্ঞ হয়ে সিলেবাস বিশ্লেষণ এবং সাধারণ জ্ঞান ও আইন—উভয় অংশে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য ‘জব কর্নার’-এর সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান।পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের একটি কোর্সের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।তাঁদের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। পূর্বঘোষিত রুটিন অনুযায়ী রোববার সকাল সাড়ে ৯টায় পরীক্ষার্থীরা হলে গিয়ে শিক্ষক বা পরীক্ষাসংশ্লিষ্ট কাউকে না পেয়ে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানতে পারেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে এ বিষয়ে নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে।বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব বলেন, শনিবার শেষ মুহূর্তে বিভাগীয় কমিটির সভায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে সিদ্ধান্তটি কার্যকর করতে কিছুটা সময় লেগেছে। তবে শিক্ষার্থীদের মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।তিনি জানান, সার্বিক বিষয় বিবেচনায় স্থগিত হওয়া কোর্সের পরীক্ষা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।