আইনের কঠোর প্রয়োগ বোঝাতে অসতর্কভাবে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। এ ধরনের শব্দচয়ন সঠিক হয়নি বলে তাঁকে সতর্ক করা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সংবিধান সংশোধন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আট মাসের মেয়াদে কোনো ক্রসফায়ার বা হেফাজতে মৃত্যু ঘটেনি। এ সময়ে কেউ গুমের শিকার হয়েছেন কি না, এমন একটি অভিযোগ রয়েছে, যা সরকার তদন্ত করছে বলেও জানান তিনি।তিনি বলেন, সংশ্লিষ্ট ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোকে স্বাধীনভাবে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ জমা দেয়নি বলে দাবি করেন মন্ত্রী।আইজিপির বক্তব্যের ব্যাখ্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পরবর্তী সময়ে পুলিশ সদর দপ্তর থেকে বক্তব্যটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। আইনের কঠোর প্রয়োগ বোঝাতে গিয়ে হয়তো অসতর্কভাবে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করা হয়েছে। আইজিপি ক্রসফায়ারের নির্দেশ পেয়েছেন বা নিজে তা করতে চান—এমন কথা বলেননি। তারপরও এ ধরনের শব্দচয়ন সঠিক হয়নি বলে তাঁকে সতর্ক করা হয়েছে।এর আগে গত ২৬ অক্টোবর পুরান ঢাকার চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং সেবা চালুর উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বলেন, আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে সরকার অনুমতি দিলে ‘ক্রসফায়ার’ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।আইজিপির ওই বক্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। পরে একই দিন সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন।