দেশের বেকারত্ব সমস্যা নিরসন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে উচ্চশিক্ষাসহ শিক্ষার সব স্তরে কর্মমুখী, কারিগরি ও প্রকৌশল শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক ডিজিটাল প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে উচ্চশিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করার ওপর জোর দিয়েছেন তিনি।বুধবার (২৮ অক্টোবর) বঙ্গভবনে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এসব ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শাফায়েত মোহাম্মদ রাজু, উপাচার্য অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার এবং বোর্ড সদস্য ও সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে অর্জিত অগ্রগতি সম্পর্কে অবহিত করে। আন্তর্জাতিক মান বজায় রাখতে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরে তারা।এ সময় প্রতিনিধিদলের সদস্যরা জানান, জেসাপ আন্তর্জাতিক কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ রাউন্ডে ইস্টার্ন ইউনিভার্সিটি ২০২৬ সালসহ চারবার চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিতে বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ১০০ কোটি টাকার বেশি ব্যয় করেছে। মেধার বিকাশ, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে এ অর্থ ব্যয় করা হয়েছে বলে তারা জানান।সাক্ষাৎকালে প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানায় এবং বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার আশ্বাস দেন।