যুক্তরাষ্ট্রে থাকা ফাইজাকে মায়ের দোয়া, ভিডিওকলে শুভেচ্ছা জানালেন বাবাঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও সন্তানদের নিয়ে তাঁদের ভালোবাসা ও আবেগের প্রকাশ দেখা যায়। এবার মেয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও দোয়া জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন এই তারকা দম্পতি।গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছিল তাঁদের ছোট মেয়ে ফাইজা আবিহা মৌসুমীর জন্মদিন। বিশেষ দিনটিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মেয়েকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন অভিনেত্রী মৌসুমী।পোস্টে মেয়েকে ‘রাজকন্যা’ ও ‘নয়নের মণি’ সম্বোধন করে তিনি লেখেন, হাঁটি হাঁটি পা করে কখন যে মেয়ে এত বড় হয়ে গেছে, তা ভাবতেই অবাক লাগে। মেয়ের জন্মের স্মৃতিচারণ করে তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।মেয়ের সুস্থতা, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে মৌসুমী লেখেন, তাঁর জীবনের সবচেয়ে সুন্দর উপহার ফাইজা। মেয়ের প্রতিটি স্বপ্ন পূরণ হোক এবং জীবন সুখ, শান্তি, ভালোবাসা ও সাফল্যে ভরে উঠুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।মা হিসেবে মেয়েকে সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখার আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। জন্মদিনে মেয়ের প্রতি ভালোবাসা ও দোয়া সব সময় থাকবে বলে জানান তিনি।অন্যদিকে মেয়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে পিছিয়ে ছিলেন না বাবা ওমর সানীও। বাংলাদেশ থেকে ভিডিওকলে মেয়ের সঙ্গে কথা বলে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন অভিনেতা। একাধিক পোস্টে মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, ‘আমার মা, আমার চোখের মণি ফাইজা। শুভ জন্মদিন, দোয়া ও শুভকামনা।’যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন ফাইজামৌসুমী ও ওমর সানী দম্পতির দুই সন্তানের মধ্যে ফাইজা ছোট। বাংলাদেশে ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল শেষ করে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন তিনি।তাঁদের বড় ছেলে ফারদীন এহসান স্বাধীন সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠিত আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন।অভিনয়জগতের পরিচিতির বাইরে দুই সন্তানই নিজ নিজ ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। মেয়ের জন্মদিনে বাবা-মায়ের ভালোবাসা ও শুভকামনার বার্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে।