মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, নিশ্চিত হতে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশবগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ির একটি ঘর থেকে টুলু মিয়া (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।নিহত টুলু মিয়ার স্ত্রী জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। তাঁর দুই মেয়ে জেমি ও জুথি আক্তার। দুজনই বিবাহিত। টুলু মিয়া বাড়িতে একাই বসবাস করতেন। তবে কয়েক দিন ধরে অসুস্থ থাকায় ছোট মেয়ে জুথি আক্তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, টুলু মিয়া বেশ কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এ কারণে তিনি মানসিকভাবেও বিপর্যস্ত ছিলেন বলে জানিয়েছেন তাঁর ছোট মেয়ে। জুথি আক্তারের ধারণা, অসুস্থতাজনিত মানসিক অবসাদ থেকে তাঁর বাবা নিজেই ধারালো বটি দিয়ে গলায় আঘাত করে থাকতে পারেন।তবে ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি বটি উদ্ধার করেছে।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।