কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মী আটক, উদ্ধার ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ ইয়াবাচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতাকর্মী, মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ১২ জন এবং কিশোর গ্যাংয়ের ১৯ সদস্য রয়েছেন।শনিবার (৭ নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। জেলার বিভিন্ন এলাকায় ৭ নভেম্বর ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ জানায়, চাঁদপুর শহরের শহীদ মিনার এলাকায় ২০২৪ সালের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়। পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালানো হয়।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদগঞ্জ থানায় ছয়জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ছয়জন, হাজীগঞ্জ থানায় সাতজন এবং মতলব উত্তর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ১৯ সদস্যের মধ্যে ফরিদগঞ্জ থানায় সাতজন, চাঁদপুর সদর মডেল থানায় চারজন, হাইমচর থানায় চারজন এবং হাজীগঞ্জ থানায় চারজন রয়েছেন।উদ্ধার গাঁজা ও ইয়াবাঅভিযানকালে বিভিন্ন থানা পুলিশ মোট ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করেছে।এর মধ্যে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া হাইমচর থানা পুলিশ দুই পিস, মতলব উত্তর থানা পুলিশ সাত পিস এবং হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করেছে।অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অন্য গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও জানান, জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।