পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালালেন মাদক কারবারি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, সকাল ৫:৪৬ সময়
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়েছেন মো. ইয়াসিন (৪০) নামে এক মাদক কারবারি। প্রস্রাব করার কথা বলে পুলিশ ফাঁড়ির বাইরে যাওয়ার সুযোগ নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। এ সময় তাঁর হাতে পুলিশের হ্যান্ডকাফ পরানো ছিল।শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফতনগর এলাকায় অভিযান চালিয়ে চার গ্যালন দেশীয় মদসহ ইয়াসিনকে আটক করে পুলিশ। পরে তাঁকে উদ্ধার করা মাদকসহ জাফতনগর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।ফাঁড়িতে অবস্থানকালে প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে যাওয়ার অনুমতি চান ইয়াসিন। একপর্যায়ে পুলিশের নজর এড়িয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি। ঘটনার পর তাঁকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।এ বিষয়ে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে তাঁর হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকসহ একজন আসামিকে আটক করা হয়েছিল। প্রস্রাব করার কথা বলে তিনি পালিয়ে যান। তাঁকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।তথ্যসূত্র: ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খানের বক্তব্য এবং স্থানীয় সূত্র।