কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়ন ও নতুন মডেল বাজারজাতকরণ সাময়িকভাবে বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের পাঁচ শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন চারটি অলাভজনক সংগঠন। প্রতিষ্ঠানগুলোর এআই মডেল প্রশিক্ষণ, উন্নয়ন ও বাজারে ছাড়ার কার্যক্রম স্থগিত রাখতে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন মামলাকারীরা।বৃহস্পতিবার (১২ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় বিবাদী করা হয়েছে অ্যানথ্রপিক, গুগল, মেটা, ওপেনএআই ও স্পেসএক্সকে।মামলাকারী চারটি সংগঠন হলো—ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ড, পাবলিক সিটিজেন, হিট ইনিশিয়েটিভ এবং অ্যালায়েন্স ফর সিকিউর এআই। তাদের দাবি, এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার অব্যাহত রাখার আগে মানুষের নিয়ন্ত্রণ এবং কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে।সংগঠনগুলোর অভিযোগ, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি এআই ব্যবস্থার সম্ভাব্য বিপর্যয়কর ঝুঁকি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন প্রজন্মের এআই মডেল তৈরির কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছে তারা।মামলার অভিযোগপত্রে এআই ব্যবহার করে পরিচালিত সাইবার হামলা এবং প্রযুক্তিটির বিভিন্ন ক্ষতিকর ব্যবহারের ঘটনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নিরাপত্তা মূল্যায়নে উঠে আসা ঝুঁকির বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। মামলাকারীদের আশঙ্কা, নিয়ন্ত্রণহীন এআই একপর্যায়ে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং মানবজাতির জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।**আদালতের কাছে জরুরি নিষেধাজ্ঞার আবেদন**মামলাকারীরা পাঁচটি প্রতিষ্ঠানের পরবর্তী প্রজন্মের এআই মডেল উন্নয়ন ও প্রকাশের ওপর জরুরি নিষেধাজ্ঞা চেয়েছেন। তাদের ভাষ্য, প্রযুক্তিগুলো মানুষের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা কার্যকর—এমন প্রমাণ দিতে পারলেই প্রতিষ্ঠানগুলো পুনরায় কার্যক্রম চালানোর সুযোগ পেতে পারে।অভিযোগপত্রে বলা হয়েছে, অন্য কোনো শিল্পকে এমন অনিরাপদ পণ্য তৈরি অব্যাহত রাখার সুযোগ দেওয়া হয় না, বিশেষ করে যেসব পণ্য মানুষের জীবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে।মামলাকারীদের দাবি, জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা এবং কম্পিউটার ব্যবস্থাসহ বিভিন্ন সম্পদের ব্যবহার ব্যাহত করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো ক্যালিফোর্নিয়ার অন্যায্য প্রতিযোগিতাবিরোধী আইন লঙ্ঘন করেছে। ওই আইনে প্রতারণামূলক বিজ্ঞাপন ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক কর্মকাণ্ড নিষিদ্ধ।**এআই উন্নয়ন বন্ধে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন**আদালত এআই উন্নয়নে সাময়িক নিষেধাজ্ঞা দিলে সেটি কীভাবে কার্যকর হবে, প্রতিষ্ঠানগুলো নির্দেশনা মেনে চলছে কি না তা কীভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোন শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে—এসব বিষয় নিয়ে জটিলতা রয়েছে।মামলার অন্যতম বাদী নিউইয়র্কভিত্তিক সংগঠন ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ড। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফিল অ্যারোনেউনু বলেন, কার্যকরভাবে এআই উন্নয়ন স্থগিত করতে হলে কোন কোন কার্যক্রম বন্ধ থাকবে, নিয়ম মানা হচ্ছে কি না তা কীভাবে যাচাই করা হবে এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্দিষ্ট করতে হবে।তিনি বলেন, এ জন্য সরকারি পরিদর্শন এবং নিষিদ্ধ কার্যক্রম বন্ধ করার ক্ষমতা থাকা প্রয়োজন। শুধু জনসমক্ষে এআই মডেল প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেই চলবে না। প্রয়োজনে বড় কম্পিউটিং কেন্দ্রগুলোকেও নজরদারির আওতায় আনতে হবে।এআই নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন মূল্যায়নকারী ও নিয়ন্ত্রক সংস্থা গঠন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা বাড়ানো এবং ফেডারেল পর্যায়ে নিরাপত্তার ন্যূনতম মানদণ্ড নির্ধারণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে অঙ্গরাজ্যগুলোর আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাখার পক্ষেও মত দিয়েছে তারা।**চীনের সঙ্গে প্রতিযোগিতা ও নিরাপত্তার প্রশ্ন**মামলাটি ক্যালিফোর্নিয়ার আদালতে হলেও এর প্রভাব যুক্তরাষ্ট্রের বাইরেও পড়তে পারে। মামলাকারীদের দাবি, যুক্তরাষ্ট্রে এআই উন্নয়নের গতি কমানো হলে চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশ সুবিধা পাবে—এমন আশঙ্কা মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এআই উন্নয়নে চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকার ওপর গুরুত্ব দিয়ে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এআই খাতে যুক্তরাষ্ট্রের অগ্রগতি ধরে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।ইরিপ্লেসেবল এডুকেশন ফান্ডের মতে, এআইয়ের নেতিবাচক প্রভাব কমাতে এবং সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা এবং আন্তর্জাতিক চুক্তি প্রয়োজন।সংগঠনটির ভাষ্য, উভয় দেশের এআই উন্নয়নের গতি সমন্বিতভাবে কমানো গেলে প্রতিযোগিতার ক্ষতি সীমিত রেখে প্রযুক্তিটির ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কমানো সম্ভব।তবে এ যুক্তি ট্রাম্পের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্র একতরফাভাবে এআই উন্নয়নের গতি কমালে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় চীন এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এর আগে তিনি বলেছিলেন, এআই উন্নয়নে চীনের চেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।**কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন**মামলাকারীদের অভিযোগ, এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে সতর্কবার্তা দেওয়া হলেও যুক্তরাষ্ট্রের কংগ্রেস এখন পর্যন্ত এ খাত নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করেনি।তাদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যত দিন অতি-বুদ্ধিমান এআই তৈরির প্রতিযোগিতা চালিয়ে যাবে, তত দিন মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মধ্যে থাকবে।নতুন দায়িত্ব নিতে যাওয়া ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের কাছ থেকেও এ বিষয়ে পদক্ষেপ আশা করছেন মামলাকারীরা। তবে আইন প্রণয়নের অপেক্ষায় না থেকে আদালতের মাধ্যমে দ্রুত প্রতিকার পাওয়ার দাবি জানিয়েছেন তারা।আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ মামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে দ্রুত সম্প্রসারণশীল এআই শিল্পের নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।