আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান | কপ৩১ সম্মেলনে পাঁচ দফা প্রস্তাব | অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকগাজী শাহনেওয়াজ, আনতালিয়া (তুরস্ক) থেকেজলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণ নয়, বরং অনুদানভিত্তিক আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর ঋণের বোঝা আরও বাড়ানো উচিত নয়। বরং তাদের প্রয়োজন নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে আন্তর্জাতিক সমর্থন।একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশপ্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারির দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। এমন বাস্তবতার মধ্যেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায় উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি।প্রধানমন্ত্রী জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস জলবায়ু চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট শূন্য কার্বন নিঃসরণ অর্জনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।সবুজ শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসারেও উদ্যোগ নেওয়া হয়েছে। কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে বলে জানান তিনি।পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনাপরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।এসব কার্যক্রমের উদ্দেশ্য হলো পানির ধারণক্ষমতা বাড়ানো, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করা। পাশাপাশি উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো সম্ভব হবে।জলবায়ু অর্থায়নে পাঁচ দফা প্রস্তাববর্তমান আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে তারেক রহমান বলেন, এ ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নিচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বাড়তি চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতার নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।প্রস্তাবগুলো হলো—১. আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকার অনুযায়ী অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দিতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগেও সহায়তা নিশ্চিত করতে হবে।২. জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’-এর মতো ব্যবস্থা চালু করতে হবে। এর মাধ্যমে জলবায়ু বিপর্যয়ের সময় ঋণ পরিশোধে ছাড় ও ঋণ-ত্রাণের সুযোগ তৈরি করতে হবে।৩. পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।৪. সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে।৫. কপ৩১ সম্মেলনে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে। এর মূল ভিত্তি হতে হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি।কপ৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক সংহতি জোরদার করে টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককপ৩১ সম্মেলনের সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আনতালিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং কৃষি খাতের উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অ্যান্থনি আলবানিজ আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেন। তিনিও তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষ করে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। কপ৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকারও প্রশংসা করেন তিনি।বাংলাদেশে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন। কারণ এ সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর স্থায়ী সমাধানও সেখানেই নিহিত।যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীকপ৩১ সম্মেলনের সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। তিনি বলেন, প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা এবং আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হতে পারে।দুই দেশের বিদ্যমান সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।জুট প্যাভিলিয়নে পাটজাত পণ্য দেখলেন প্রধানমন্ত্রীকপ৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে তিনি সেখানে প্রদর্শিত বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন।এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।প্যাভিলিয়নে উপস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পাটজাত পণ্যের প্রতি তাদের আগ্রহের বিষয়ে জানতে চান তিনি। শিক্ষার্থীরা এসব পণ্য সম্পর্কে আরও জানতে ও পড়াশোনা করতে আগ্রহ প্রকাশ করেন।প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, সেখানে ব্যাগ, ছোট সামগ্রী, জুতা ও ব্লেজারসহ ১২৯ ধরনের পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। পরিবেশবান্ধব এসব পণ্যের আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা পণ্যগুলো দেখে বাংলাদেশ থেকে আমদানির আগ্রহও প্রকাশ করেছেন।এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমানতুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।বৃহস্পতিবার আনতালিয়ার রেগনাম হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান এমিনে এরদোয়ান। এ সময় তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও কুশল বিনিময় করেন ডা. জুবাইদা।প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন দিনের তুরস্ক সফরে তাঁর সঙ্গে রয়েছেন ডা. জুবাইদা রহমান।তথ্যসূত্র: ৩ নভেম্বর ২০২৬। প্রধানমন্ত্রীর বক্তব্য, দ্বিপক্ষীয় বৈঠক এবং সম্মেলনসংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি সম্পাদিত।