নাটোরের লালপুরে সড়কের ওপর রাখা খড়ের স্তূপে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শান্ত আলী (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুচিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত আলী উপজেলার সালামপুর এলাকার মিলন আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে লালপুর থেকে নিজ গন্তব্যে যাচ্ছিলেন শান্ত। পথে মুচিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের ওপর রাখা খড়ের স্তূপের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তিনি। এতে গুরুতর আহত হন শান্ত। পরে তাঁর মৃত্যু হয়।সড়কে খড়ের স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিশান্তর অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে সড়কের ওপর খড়ের পালা রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, লালপুর উপজেলার বিভিন্ন সড়কের ওপর দীর্ঘদিন ধরে খড়ের পালা বা পোয়ালের স্তূপ রেখে শুকানো ও সংরক্ষণ করা হচ্ছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে মোটরসাইকেল, সাইকেলসহ ছোট যানবাহনের চালকেরা এসব খড়ের স্তূপের কারণে বিপাকে পড়ছেন। দূর থেকে খড়ের স্তূপ স্পষ্টভাবে দেখা না যাওয়ায় হঠাৎ সামনে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন চালকেরা।তাঁদের ভাষ্য, সড়ক সাধারণ মানুষের চলাচলের জন্য হলেও কিছু অসচেতন ব্যক্তি ব্যক্তিগত প্রয়োজনে তা দখল করে খড় সংরক্ষণ করছেন। এতে একদিকে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাড়ছে প্রাণহানির আশঙ্কা।শান্তর মৃত্যুর পর সড়কের ওপর রাখা খড়ের স্তূপসহ সব ধরনের প্রতিবন্ধকতা দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সতর্ক করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।পুলিশের বক্তব্যএ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।