২২০ মিটার দূরে গিয়েও উদ্ধার হয়নি আসিফ নজরুলের মোবাইল, জানাল এসআরবি
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৩ সময়
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে খুব কাছাকাছি পৌঁছেও সফল হতে পারেনি স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি)। ফোনটির অবস্থান শনাক্ত করে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নতুন সিম কেনার কারণে পুরোনো সিমটি বন্ধ হয়ে যাওয়ায় ফোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এসব তথ্য জানান এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।তিনি বলেন, বুধবার ছিনতাইয়ের পর বৃহস্পতিবার সকালেও আসিফ নজরুলের মোবাইল ফোনটি চালু ছিল। ওই সময় মিরপুরে ফোনটির অবস্থানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তাঁরা। ফোনটির অবস্থান থেকে মাত্র ২২০ মিটার দূরে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে শেষ পর্যন্ত ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।নয়মুল হাসান আরও বলেন, দুর্ভাগ্য ও যোগাযোগের ঘাটতির কারণে ফোনটি উদ্ধারের সুযোগ হাতছাড়া হয়েছে। এর মধ্যে আসিফ নজরুল নতুন একটি সিম কেনায় পুরোনো সিমটি বন্ধ হয়ে যায়। ফলে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।যেভাবে ছিনতাই হয় মোবাইল ফোনপুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি থেকে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে রাজধানীর সোবহানবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হন আসিফ নজরুল। এ সময় গাড়ির খোলা জানালা দিয়ে হাত বাড়িয়ে তাঁর মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এক দুর্বৃত্ত।এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্তে স্থানীয় থানা-পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি) কাজ করছে।মোবাইল ফোনটি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।