দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ কমে হয়েছে ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার।শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যের বরাতে এ চিত্র জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এ তথ্য নিশ্চিত করেছেন।দুই দিনে কমেছে রিজার্ভবাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার। একই সময়ে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার।সেই হিসাবে মাত্র দুই দিনের ব্যবধানে নিজস্ব হিসাবে রিজার্ভ কমেছে ৩৫ কোটি ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে কমেছে ৩০ কোটি ডলার।এর আগে ৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ৩০ দশমিক ০৯ বিলিয়ন ডলার।আকুর বিল পরিশোধের প্রভাবএর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করে বাংলাদেশ। এর ফলে গত ৫ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে দাঁড়ায়। আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে তখন রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।আকুর মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি করা হয়। বাংলাদেশসহ ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা এ ব্যবস্থার সদস্য। আকুর আওতায় বাংলাদেশকে প্রতি দুই মাস পরপর আমদানি বিল পরিশোধ করতে হয়। ফলে বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িক চাপ তৈরি হয়।নভেম্বরের শুরুতে রিজার্ভ ছিল ৩৬ বিলিয়ন ডলারের বেশিবাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, নভেম্বরের শুরুতে দেশের রিজার্ভের পরিমাণ তুলনামূলক বেশি ছিল।গত ১ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।৩ নভেম্বর তা বেড়ে নিজস্ব হিসাবে ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন এবং বিপিএম-৬ পদ্ধতিতে ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়। পরদিন ৪ নভেম্বর রিজার্ভ ছিল যথাক্রমে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ও ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার।তবে পরবর্তী সময়ে রিজার্ভের পরিমাণ কমতে থাকে। সর্বশেষ ১২ নভেম্বরের হিসাবে তা আরও কমে এসেছে।