২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার মাইল খাল খননের উদ্যোগের কথা তুলে ধরলেন সালেহ শিবলী; কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবি উপস্থাপনপ্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে যেসব পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন, সেগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খনন। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনেও প্রধানমন্ত্রী এসব উদ্যোগের কথা তুলে ধরেছেন।শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব। প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফরে তিনি সফরসঙ্গী ছিলেন।সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্বে আসার আগেই ২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন। বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনা তুলে ধরেছেন। বর্তমানে দেশে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে।কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবিপ্রেস সচিব জানান, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেওয়া ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা উল্লেখ করেন।সালেহ শিবলী বলেন, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। সম্মেলনের বিভিন্ন আলোচনা, সেমিনার ও কর্মসূচি এখনো চলমান রয়েছে।তিনি আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রীর একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নিয়েছেন তিনি।বাংলাদেশের পাঁচ দফা দাবির বিস্তারিত তুলে ধরতে আগামী এক থেকে দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করতে পারে বলেও জানান প্রেস সচিব।সফরসঙ্গী ছিলেন ২১ জনপ্রধানমন্ত্রীর তুরস্ক সফরের বহর নিয়েও কথা বলেন সালেহ শিবলী। তিনি জানান, এবারের সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন মাত্র ২১ জন।তিনি বলেন, সফরসঙ্গীর সংখ্যা সীমিত রাখা একটি ইতিবাচক দিক। একই সঙ্গে প্রধানমন্ত্রী যাওয়া-আসার সময় বিমানবন্দরে হাজার হাজার কিংবা লাখো মানুষের সমাগমের যে প্রচলিত চিত্র ছিল, সেখান থেকেও বেরিয়ে আসা সম্ভব হয়েছে।উল্লেখ্য, কপ৩১ সম্মেলন এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।