রোববার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী কর্মসূচি, ২০৩০ সালের মধ্যে দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য সরকারেরসড়ক দুর্ঘটনা কমানো এবং পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে ২০ হাজার চালককে বিশেষ প্রশিক্ষণ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের (বিআরএসপি) আওতায় পাঁচ দিনব্যাপী এ রিফ্রেশার প্রশিক্ষণ কর্মসূচি আগামী রোববার (১৫ নভেম্বর) শুরু হবে।সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মসূচির প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন।বিআরটিসি সূত্র জানায়, প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা।এ কর্মসূচির আওতায় চালকদের ট্রাফিক আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ও প্রতিরক্ষামূলক গাড়ি চালানোর দক্ষতা অর্জন এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিআরএসপি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসসিআইপি)—এ দুটি প্রকল্পের আওতায় মোট ৬৮ হাজার নতুন ও পেশাদার চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ২০ হাজার বিদ্যমান পেশাদার চালককে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।এদিকে বিআরটিসির বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে নারীদের অংশগ্রহণও বাড়ছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (আইডব্লিউসিএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতেমা বেগম জানান, শুরুতে নারী প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ তুলনামূলক কম থাকলেও দিন দিন তাঁদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে দুটি প্রকল্পের আওতায় বিপুলসংখ্যক নারী হালকা যানবাহন চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে চালকদের জ্ঞান বৃদ্ধি, নিরাপদে গাড়ি চালানোর দক্ষতা অর্জন এবং সড়কে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে রিফ্রেশার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ফাতেমা বেগম আরও জানান, বিআরএসপি প্রকল্পের আওতায় নতুন পেশাদার চালক তৈরিতে চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। পাশাপাশি বিদ্যমান পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে পাঁচ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।এসব প্রশিক্ষণের মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দায়িত্ববোধ জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।তথ্যসূত্র: ‘২০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি’, যুগান্তর প্রতিবেদন, প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬।