জমি, নদী-খাল দখল ও থানায় দালালির অভিযোগ; নিয়ন্ত্রণ করতে না পারার আক্ষেপ, স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে হলে জনগ্রহণযোগ্যতার তাগিদলক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান নিজের দলের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে জমি, নদী ও খাল দখল, চাঁদাবাজি এবং থানায় দালালির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন?’শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরে নিজের বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।হুইপ নিজান বলেন, দলের কিছু নেতাকর্মী চর দখল, মহিষের ঘাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েছেন। মুখে এসব কর্মকাণ্ডের কথা অস্বীকার করলেও বাস্তবে অনেকে এমন কাজ করছেন। এখন নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে, তাঁরা এসব অবৈধ কর্মকাণ্ড করবেন কি না।তিনি বলেন, অন্যের জমি, নদী, খাল কিংবা বিভিন্ন স্থাপনা দখল, চাঁদাবাজি ও থানায় দালালির মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যারা এসব করছেন, তাঁদের অবশ্যই এ পথ থেকে সরে আসতে হবে।নিজের রাজনৈতিক অবস্থান ও স্বচ্ছতার প্রসঙ্গ তুলে ধরে হুইপ বলেন, তিনি প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘণ্টা রাজনীতি করেন। তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ কেউ তুলতে পেরেছে কি না, সে প্রশ্নও রাখেন তিনি। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগের কেউ তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করতে পেরেছেন কি না, তা উল্লেখ করে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ না থাকলে দলের নেতাকর্মীরা কেন অনিয়মে জড়াবেন?গত ৫ আগস্টের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন জানিয়ে নিজান আক্ষেপ করে বলেন, নেতাকর্মীদের একটি অংশকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাঁদের সঙ্গে খারাপ আচরণ করা, রাগ করা কিংবা দল থেকে বহিষ্কার করেও পরিস্থিতির পরিবর্তন আনতে পারেননি। এখন তাঁদের জেলে পাঠানো ছাড়া আর কী করার আছে, এমন প্রশ্নও তোলেন তিনি।বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গও তুলে ধরেন হুইপ। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিলেও শেষ পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে তাঁর মুক্তি এসেছে। এ সময় সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার জনপ্রিয়তা, ভালোবাসা ও সম্মানের বিষয়টি তুলে ধরেন তিনি।আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়েও নেতাকর্মীদের সতর্ক করেন নিজান। তিনি বলেন, সবাই চেয়ারম্যান হতে চাইলে তো হবে না। প্রার্থী হতে হলে জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও পরিচিতি থাকতে হবে। একজন চেয়ারম্যান প্রার্থীর নিজান সাহেবের অন্তত ৫০ শতাংশ ইমেজ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।পাশাপাশি অন্যকে নেতা হিসেবে মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান হুইপ। ব্যক্তিগত স্বার্থ, পদ-পদবির আকাঙ্ক্ষা ও প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে রাজনীতি করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।