পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত কমে গেলে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বাড়তে পারে। ২৬ হাজারেরও বেশি পুরুষের স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম থাকা পুরুষদের যেকোনো ধরনের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি স্বাভাবিক মাত্রার পুরুষদের তুলনায় ১৮ শতাংশ বেশি।আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট হেলদি লংজিভিটি-তে প্রকাশিত গবেষণাটি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপের ২৬ হাজারের বেশি পুরুষের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যতথ্যের ভিত্তিতে পরিচালিত হয়।গবেষণার প্রধান গবেষক ও ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হরমোন বিশেষজ্ঞ বু ইয়েপ জানান, বয়স ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় নেওয়ার পরও যেসব পুরুষের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সবচেয়ে কম, তাদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বেশি পাওয়া গেছে।কোন হরমোনের ঘাটতিতে কতটা ঝুঁকিগবেষণায় টেস্টোস্টেরনের পাশাপাশি এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি হরমোন ও প্রোটিনের মাত্রাও বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়—টেস্টোস্টেরন: মাত্রা সবচেয়ে কম থাকা পুরুষদের যেকোনো ধরনের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ১৮ শতাংশ বেশি।ডাইহাইড্রোটেস্টোস্টেরন (ডিএইচটি): এ হরমোনের মাত্রা কম থাকলে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ২১ শতাংশ বেশি।এসএইচবিজি: টেস্টোস্টেরন পরিবহনে ভূমিকা রাখা এ প্রোটিনের মাত্রা কম থাকলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি ২৮ শতাংশ বেশি।লুটিনাইজিং হরমোন: এ হরমোনের মাত্রা কম থাকলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি প্রায় ৪৫ শতাংশ বেশি।গবেষণায় আরও দেখা গেছে, পুরুষের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা প্রতি লিটারে ৮ দশমিক ৬ ন্যানোমোলের নিচে নেমে গেলে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বাড়তে শুরু করে।তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, শরীরে স্বাভাবিকভাবে উৎপন্ন টেস্টোস্টেরনের মাত্রার সঙ্গে প্রস্টেট ক্যানসারের সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। অর্থাৎ, প্রাকৃতিক টেস্টোস্টেরন প্রস্টেট ক্যানসারের কারণ—এমন প্রমাণ গবেষণায় মেলেনি।হরমোন থেরাপি কি ক্যানসারের ঝুঁকি কমায়?বর্তমানে টেস্টোস্টেরনের ঘাটতিকে পুরুষদের বিভিন্ন শারীরিক সমস্যার কারণ হিসেবে প্রচার করা হয়। এ কারণে অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি বা হরমোন চিকিৎসার প্রতি আগ্রহী হয়ে উঠছেন।তবে বিশেষজ্ঞদের মতে, টেস্টোস্টেরনের মাত্রা কম হলেই হরমোন থেরাপি গ্রহণ করতে হবে, এমন নয়। একইভাবে এ ধরনের চিকিৎসা ক্যানসারের ঝুঁকি কমায়—এমন বৈজ্ঞানিক প্রমাণও নেই।২০২৩ সালে পাঁচ হাজারের বেশি পুরুষের ওপর পরিচালিত একটি বড় গবেষণায় দেখা গেছে, টেস্টোস্টেরন থেরাপি গ্রহণের ফলে প্রস্টেট ক্যানসারের ঝুঁকিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটে না।কম টেস্টোস্টেরন হতে পারে অন্য স্বাস্থ্যঝুঁকির সংকেতগবেষকদের মতে, টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়া নিজেই ক্যানসারের সরাসরি কারণ নয়। বরং এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্যগত অবনতির একটি গুরুত্বপূর্ণ সংকেত বা বায়োমার্কার হতে পারে। অর্থাৎ, হরমোনের মাত্রা কমে যাওয়ার পেছনে থাকা শারীরিক সমস্যাগুলো ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দিতে পারে।এ কারণে রক্ত পরীক্ষায় টেস্টোস্টেরনের মাত্রা কম পাওয়া গেলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী হরমোনের ঘাটতির কারণ নির্ণয় এবং সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।চিকিৎসকের পরামর্শ ছাড়া টেস্টোস্টেরন বাড়ানোর ওষুধ বা হরমোন থেরাপি গ্রহণ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।