বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তিন বিশিষ্ট ব্যক্তি। তালিকায় অন্য দুই বাংলাদেশি হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা।জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ১৮তম বার্ষিক এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম ব্যক্তিত্বদের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রভাবপ্রকাশনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার বিষয়টিও তাঁর পরিচিতিতে তুলে ধরা হয়েছে।মানবাধিকারকর্মী হামিদা হোসেন ও রাজিয়া সুলতানাতালিকায় স্থান পাওয়া ড. হামিদা হোসেন বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক ও মানবাধিকারকর্মী। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন। স্বাধীনতার পর যুদ্ধকালীন সহিংসতার শিকার নারীদের পুনর্বাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেন তিনি। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারপারসনও তিনি।অন্যদিকে রাজিয়া সুলতানা একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও মানবপাচারের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কাজ করছেন তিনি। রোহিঙ্গা নারীদের সহায়তায় প্রতিষ্ঠা করেছেন রোহিঙ্গা উইমেন ওয়েলফেয়ার সোসাইটি।বর্ষসেরা পুরুষ ও নারী নির্বাচিত যারা২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। যুদ্ধের মধ্যেও গাজায় রোগীদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়া এবং পরে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি তাঁর স্বীকৃতির ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। ওই হামলায় নিহত তাঁর সহপাঠী ও শিক্ষকদেরও সম্মাননার অংশ হিসেবে বিবেচনা করা হয়েছে। প্রকাশনা অনুযায়ী, হামলার ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য দিয়েছেন।যেভাবে তৈরি হয় প্রভাবশালীদের তালিকা‘দ্য মুসলিম ৫০০’-এর এবারের সংস্করণে বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের তুলে ধরা হয়েছে।তালিকা তৈরিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা, বই প্রকাশ, জনমত, বিশেষজ্ঞদের মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি অবদানসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়। ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিদের প্রভাবও মূল্যায়নের অন্তর্ভুক্ত।প্রকাশনায় প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে ধর্মীয় পণ্ডিত, রাজনীতিবিদ, ধর্মীয় প্রশাসক, ধর্মপ্রচারক, দাতব্য কার্যক্রম, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম এবং খেলাধুলাসহ বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে।প্রকাশক সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তালিকায় কারও নাম অন্তর্ভুক্ত হওয়া মানেই তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন নয়। বরং বিশ্বজুড়ে মুসলিম সমাজে ব্যক্তিটির প্রভাব ও ভূমিকা তুলে ধরাই এই প্রকাশনার মূল উদ্দেশ্য।