রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরের বাউন্ডারি দেয়ালসংলগ্ন ফুলবাগান থেকে দুটি শক্তিশালী হ্যান্ড গ্রেনেড উদ্ধারের ঘটনায় নগরজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোতে নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও গ্রেনেড দুটি কারা সেখানে রেখেছিল, তা শনাক্ত করতে পারেনি পুলিশ।গত ১০ নভেম্বর বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান প্রবেশমুখের ডান পাশে ফুলগাছের মধ্যে গ্রেনেডসদৃশ দুটি বস্তু দেখতে পান এক পথচারী। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বায়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে বিষয়টি জানান। পরে তিনি বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামকে অবহিত করেন।খবর পাওয়ার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান প্রবেশ ফটক বন্ধ করে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। এ ঘটনায় বিমানবন্দরের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।মন্ত্রীর অবতরণের কয়েক মিনিট পর গ্রেনেড উদ্ধারঘটনার কয়েক মিনিট আগে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তাঁর সফরসঙ্গী কর্মকর্তারা ঢাকার একটি ফ্লাইটে রাজশাহী বিমানবন্দরে অবতরণ করেন। পরে কিছু সময় অপেক্ষার পর বিকল্প পথে তাঁদের নিরাপদে বিমানবন্দর থেকে বের করে নেওয়া হয়।সেদিন বিকেলে রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া বিল এলাকায় নিয়ে উদ্ধার করা গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে বোমা নিষ্ক্রিয়করণ দল। একই সঙ্গে ফরেনসিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়।সিসিটিভির আওতার বাইরে ঘটনাস্থলগ্রেনেড উদ্ধারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। বিমানবন্দরের দেয়ালঘেঁষা ফুলবাগানে কারা এবং কী উদ্দেশ্যে গ্রেনেড দুটি রেখেছিল, তা উদ্ঘাটনে তদন্ত চলছে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলটি রাজশাহী-নওগাঁ মহাসড়কসংলগ্ন হলেও সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশের বিভিন্ন ভবনের ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তবে বিমানবন্দরের পশ্চিম প্রান্তে মহাসড়কের বিপরীতে থাকা ছোট দোকানগুলোতেও সিসিটিভি ক্যামেরা নেই। বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা তল্লাশি ফটকের ওপর স্থাপিত ক্যামেরা থেকেও ঘটনাস্থলের স্পষ্ট দৃশ্য পাওয়া যাচ্ছে না।তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, নাশকতা কিংবা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ গ্রেনেড দুটি ফুলগাছের মধ্যে রেখে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।বিস্ফোরক আইনে মামলা, আসামি অজ্ঞাতঘটনার দিন রাতেই বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আব্দুল্লাহ হাকাম বাদী হয়ে আরএমপির এয়ারপোর্ট থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।মামলাটির তদন্ত করছেন এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল ইসলাম। তিনি গত শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন।তদন্ত কর্মকর্তা জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। গ্রেনেডের ফরেনসিক প্রতিবেদন পাওয়া গেলে সেগুলোর সক্ষমতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।গ্রেনেডের গায়ে নেই উৎপত্তির পরিচয়রাজশাহী শাহমখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক যোগেশ চন্দ্র সরকার জানান, বিমানবন্দরের বহিরাঙ্গন ও আশপাশের এলাকার নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দায়িত্ব পালন করেন। বিমানবন্দরের বাউন্ডারি দেয়ালঘেঁষে থাকা ফুলবাগান থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।তিনি আশা প্রকাশ করেন, পুলিশ তদন্তের মাধ্যমে গ্রেনেড দুটি সেখানে রাখার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পারবে। ঘটনার পর বিমানবন্দরের ভেতরে ও বাইরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির শনিবার দুপুরে জানান, উদ্ধার হওয়া গ্রেনেডগুলোর গায়ে কোনো লেখা বা চিহ্ন নেই। ফলে এগুলো কোন দেশের তৈরি, তা তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। কীভাবে বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থাপনার কাছে গ্রেনেড দুটি রাখা হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।তিনি আরও জানান, বিমানবন্দরসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় কোনো ঘাটতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করতে নগরীর বিভিন্ন প্রবেশদ্বার এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।আগের সিসিটিভি নেটওয়ার্ক ক্ষতিগ্রস্তআরএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক বছর আগে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক, মোড় ও প্রবেশপথে চার শতাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এসব ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে উচ্চক্ষমতার সাইবার সেন্টার ও প্রশিক্ষিত জনবলও ছিল। সেখান থেকে ২৪ ঘণ্টা নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো পর্যবেক্ষণ করা হতো।তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব এবং জুলাইয়ের গণআন্দোলনের সময় বিভিন্ন থানা আক্রান্ত হওয়ার পর সড়ক ও মোড়ে স্থাপিত ক্যামেরা নেটওয়ার্কের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে আরএমপির উদ্যোগে নতুন করে নগরীর বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে।বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার সীমানার কাছেই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিরাপত্তাব্যবস্থা ও নজরদারির দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গ্রেনেড দুটি সেখানে কীভাবে পৌঁছাল, কারা রেখেছিল এবং এর পেছনে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না—তদন্ত শেষে এসব প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।