খুলনায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।শনিবার (১৪ নভেম্বর) নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর কর্মপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন নগরবাসীএমপি হেলাল বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সহযোগিতা চেয়েছে। তিনি জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে কেউ চাঁদাবাজি করার সাহস না পায়।খুলনার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নগরবাসী নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে চান। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। কখন কোথায় কী ঘটে, সেই অনিশ্চয়তায় অনেকে শহর ছেড়ে যাওয়ার কথাও ভাবছেন।তিনি বলেন, নিরাপত্তার দাবিতে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ ও মানববন্ধন করছেন। চিকিৎসাসেবায় নিয়োজিত ব্যক্তিরাও নিরাপত্তার দাবিতে রাজপথে নেমেছেন। এটি অত্যন্ত উদ্বেগজনক। ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।প্রয়োজনে যৌথ বাহিনীর বিশেষ অভিযানচাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চলার পরও অপরাধ বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য, অভিযান পরিচালনার পরও যদি চাঁদাবাজি অব্যাহত থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ বোধ করবে? জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।খুলনার পরিস্থিতিকে ‘অঘোষিত রেড জোন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংসদেও এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে খুলনার প্রতি বিশেষ নজরদারি প্রয়োজন।নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান চালানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও নাগরিক নেতাদের সঙ্গে আলোচনা করে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।চাঁদাবাজদের পৃষ্ঠপোষকরাও ছাড় পাবেন নাহাসপাতাল ও চিকিৎসকদের হুমকির বিষয়ে জানতে চাইলে এমপি হেলাল বলেন, কারা চাঁদাবাজি করছে, সে বিষয়ে প্রশাসন অবগত। চাঁদাবাজ যে-ই হোক, তাদের পৃষ্ঠপোষক কিংবা আশ্রয়দাতা যারাই থাকুক, কাউকে ছাড় দেওয়া উচিত নয়।তিনি আরও দাবি করেন, সরকারের নয় মাসের মেয়াদে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি।ছয় সংসদ সদস্যকে একসঙ্গে বসার আহ্বানখুলনার নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে জেলার ছয়টি আসনের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধের পাশাপাশি বিমানবন্দর, গ্যাস ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ উন্নয়ন ইস্যুতেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।ছয় সংসদ সদস্যের মধ্যে সরকারি দলের সদস্যসংখ্যা বেশি এবং তাঁদের একজন হুইপ রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রথমে সংসদ সদস্যদের নিজেদের মধ্যে আলোচনা করা উচিত। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।