কর্মজীবী মায়েদের সন্তানদের নিরাপদ ও মানসম্মত পরিচর্যা নিশ্চিত করতে কর্মক্ষেত্রে শিশু দিবাযত্ন কেন্দ্র বা ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ যুগোপযোগী করে প্রয়োজনীয় সংশোধন আনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল চাইল্ড কেয়ার সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, কর্মজীবী মায়েরা যাতে নিশ্চিন্তে ও স্বাচ্ছন্দ্যে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য কর্মক্ষেত্রে ডে-কেয়ার সেন্টার নির্মাণ এবং পর্যায়ক্রমে এর সংখ্যা বাড়ানো হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নারীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার অঙ্গীকার করেছেন। নারীদের শিক্ষাগ্রহণের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতেও সরকার উদ্যোগ নেবে।আগামী বছরেই উন্নতির আশাশিশু দিবাযত্ন ব্যবস্থাপনার উন্নয়নে চলমান কার্যক্রমের কথা তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যেই দেশের শিশু দিবাযত্ন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে সরকার আশা করছে।তিনি বলেন, নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় আর্থিক ও নীতিগত সহায়তা দেবে। তবে এসব উদ্যোগের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।ডে-কেয়ারের অভাবে কর্মক্ষেত্রে পিছিয়ে নারীরাঅনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের অন্যতম বড় বাধা মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্রের অভাব। তাঁদের উপস্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, শহরের প্রতি ১০ জন নারীর মধ্যে চারজন শিশু দিবাযত্ন সুবিধার অভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারেন না।এ পরিস্থিতি পরিবর্তনে দ্রুত মানসম্মত ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানো এবং শিশুদের জন্য নিরাপদ পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।অনুষ্ঠানে মন্ত্রী অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিশু দিবাযত্নবিষয়ক বিভিন্ন স্টল পরিদর্শন করেন।অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেম, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি প্রতিনিধি, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং নারী ও শিশু অধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।