শেখ মুজিবুর রহমান প্রণীত ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ উল্লেখ করে তাঁর দেশে ফেরা ও পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।শনিবার (১৪ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।প্রতিটি দণ্ড ভোগ করতে হবেসমাবেশে রিজভী বলেন, ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের আওতায় শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, শিক্ষার্থী হত্যা ও শ্রমিক হত্যার ঘটনায় যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর আইনগত পরিণতি তাঁকে ভোগ করতে হবে।তিনি আরও বলেন, আইনের আওতায় তাঁর যে সাজা হয়েছে, তা থেকে অব্যাহতির সুযোগ নেই।আওয়ামী লীগ নেতাদের নিয়ে সমালোচনাআওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, দলটির অনেক নেতা বিদেশে অবস্থান করছেন। কেউ কলকাতায় ফ্ল্যাট কিনে বসবাস করছেন, আবার কেউ থাইল্যান্ডের ব্যাংকক ও সিঙ্গাপুরে অবস্থান করছেন। অথচ দেশে তাঁদের দলের তৃণমূলের কর্মীদের দিয়ে বিভিন্ন স্থানে বোমাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।ভয় দেখিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে নাবিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের উদ্দেশে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। অতীতে গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েও তাঁরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নানা শারীরিক নির্যাতনের পরও তাঁদের মনোবল ভাঙা যায়নি।ফ্যাসিবাদ প্রতিরোধের ঘোষণা দিয়ে রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তিকে মাথা নত করানো যাবে না। ফ্যাসিবাদী কর্মকাণ্ড প্রতিহত করতে দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।