কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে জলবায়ু অর্থায়নে অনুদানের ওপর জোর দিয়েছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে বরাদ্দের অর্থ প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো এবং ব্যয়ের হিসাব নিয়মিত প্রকাশের দাবি জানিয়েছে দলটি।আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্থাপিত পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার, দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে দলটি।শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও এর বিরূপ প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দেশটির ওপর। অথচ আগের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে অর্থায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার ৯ শতাংশেরও কম পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রাপ্ত অর্থের বড় অংশই এসেছে ঋণ হিসেবে।এ পরিস্থিতিতে ভবিষ্যতে জলবায়ু অর্থায়নে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।বরাদ্দের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহির দাবিসংবাদ সম্মেলনে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, অতীতে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং ব্যয়ের ট্র্যাকিং রিপোর্ট প্রকাশ করতে হবে।বাংলাদেশকে দেওয়া ৩০ মিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দের অর্থ যেন প্রকৃত জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করার দাবি জানান তিনি। পাশাপাশি অর্থ ব্যয়ের অগ্রগতি ও বিস্তারিত হিসাব জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান।জলবায়ু ইস্যুতে জাতীয় ঐক্যের আহ্বানপ্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে মাহবুবুল আলম সালেহী বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা কোনো রাজনৈতিক, ধর্মীয় কিংবা আঞ্চলিক বিষয় নয়। এটি বৈশ্বিক সমস্যা। তাই এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।বাংলাদেশের ন্যায্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে জাতীয় ঐক্যের ভিত্তিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের দাবি তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।পরিবেশ সুরক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’সংবাদ সম্মেলনে পরিবেশ রক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ তুলে ধরেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এর তিনটি লক্ষ্য হলো—জিরো ফ্লাডস (বন্যার ঝুঁকি শূন্যে নামিয়ে আনা), জিরো ওয়েস্ট (বর্জ্য হ্রাস) এবং জিরো এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন (পরিবেশের অবক্ষয় রোধ)।তিনি জানান, কপ-৩১ সম্মেলনের বিভিন্ন সাইড ইভেন্টেও জামায়াতের পক্ষ থেকে এ ভিশন তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় বিশ্বনেতাদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলন করতে না দেওয়ার অভিযোগএদিকে বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতরে সংবাদ সম্মেলন আয়োজন করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতের এই সংসদ সদস্য।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শনিবার দুপুর দেড়টায় প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছিল। এ বিষয়ে পরিবেশ প্রতিমন্ত্রী ও প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের সঙ্গে কথা বলে আগেই বিষয়টি নিশ্চিত করা হয়। কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের নিয়োজিত প্যাভিলিয়ন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন আয়োজনে সহযোগিতা করেনি।এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সরকারের সঙ্গে সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অবস্থান তুলে ধরতেই জামায়াতের প্রতিনিধি দল কপ-৩১ সম্মেলনে অংশ নিয়েছে। কিন্তু সম্মেলনে সরকারের প্রতিনিধিদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি।সংবাদ সম্মেলনে কপ-৩১ সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।