মাঠ প্রশাসন চাঙা করতে প্রথমবারের মতো ইউএনও সম্মেলন১ ডিসেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন ৫০২ কর্মকর্তামাঠ প্রশাসনকে আরও গতিশীল, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে বিশেষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনের উদ্বোধন করবেন। এতে দেশের ৫০২ জন ইউএনওর অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আয়োজিত এ সম্মেলনে উপজেলা পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, উন্নয়ন অগ্রাধিকার ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি দিকনির্দেশনা দেওয়া হবে।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর জেলা প্রশাসকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে এ ধরনের সম্মেলনের আয়োজন নিয়মিত হয় না। ফলে সরকারের নীতি ও অগ্রাধিকার কর্মসূচি তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা আরও শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।ইতোমধ্যে সম্মেলনের একটি খসড়া কর্মসূচি তৈরি করা হয়েছে। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের সমন্বয়, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।এ ছাড়া দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষির উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।সম্মেলনে স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের উপস্থিত থাকার কথা রয়েছে। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি সম্পর্কে ইউএনওদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) খোরশেদ আলম আমার দেশকে বলেন, ইউএনও সম্মেলন আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। মাঠ পর্যায়ে ইউএনওদের বহুমুখী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ কর্মসূচি নেওয়া হয়েছে। সম্মেলনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে বার্তা ও দিকনির্দেশনা দেওয়া হবে। এর মাধ্যমে মাঠ প্রশাসনে জনসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এর ফলে সরকারপ্রধানের সঙ্গে ইউএনওদের সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় যেসব সমস্যা ও সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়, সেগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারবেন কর্মকর্তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সরকারের অগ্রাধিকার ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি নির্দেশনা দিতে পারবেন।তিনি জানান, এরশাদ সরকারের আমলেও দুই দফায় ইউএনও সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সে সময় প্রায় ৪৬০ জন ইউএনওকে নিয়ে চারটি বিভাগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাঁর মতে, বর্তমান সম্মেলনটি কয়েকটি ভাগে আয়োজন করা গেলে আরও কার্যকর ফল পাওয়া যেত।উপজেলা প্রশাসনে ইউএনওর ভূমিকাউপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম তদারকির পাশাপাশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও তাঁদের ভূমিকা রয়েছে।আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ভেজালবিরোধী অভিযান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও মাদক নিয়ন্ত্রণেও ইউএনওরা দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাসজমি উদ্ধার, ভূমি রাজস্ব আদায় এবং সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্বও তাঁদের ওপর ন্যস্ত।উপজেলা পর্যায়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন তদারকি, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং দুর্যোগের সময় ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনাও তাঁদের দায়িত্বের অন্তর্ভুক্ত। ফলে তৃণমূল পর্যায়ে সরকারের অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে ইউএনওদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।এর আগে গত ৩ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এক সভায় প্রতিবছর ডিসি সম্মেলনের আদলে ইউএনও সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সভায় তিনি বলেন, জেলা প্রশাসকরা প্রতিবছর সরকারের মন্ত্রী ও সচিবদের সামনে মাঠ প্রশাসনের সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। একইভাবে ইউএনওরাও যদি উপজেলা পর্যায়ের সমস্যা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতাগুলো সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারেন, তাহলে সেগুলোর দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় এবার ইউএনও সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।তথ্যসূত্র: ১৫ নভেম্বর ২০২৬; মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র; সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বক্তব্য।