দেশব্যাপী নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও নাশকতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে।সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে সন্ত্রাসী কর্মকাণ্ড ও দমন-পীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। ক্ষমতাচ্যুত সেই শক্তি আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজপথের আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছিল। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তাঁর ইশারায় এবং ভারতের আশ্রয়ে বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা হচ্ছে বলে তাঁরা মনে করেন। এসব তৎপরতা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। কোথাও কাউকে নাশকতায় জড়িত দেখা গেলে আইন নিজের হাতে না নিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, বাংলাদেশে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে প্রতিবাদের চর্চা গড়ে উঠেছে।উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। পরবর্তী সময়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি এখনো বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আন্দোলনে দেওয়া রক্ত ও ত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস. এম. কামরুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ. এইচ. এম. খুরশীদ আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।