গোপালগঞ্জে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন এনেছে সরকার। জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক জিএম সরফরাজ।একই সঙ্গে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক পদে রদবদলসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পুলিশ সুপার পদে বদলির প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।সম্প্রতি গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও সহিংস তৎপরতার ঘটনা ঘটে। রোববারও শহরের বিভিন্ন সড়কে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল ও মহড়া দেন দলটির নেতাকর্মীরা। তাঁদের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম দেখা যায়। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেটও ছিল। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।এমন পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পদে রদবদল করা হলো।