রিজভীর বাসায় হামলার পরিকল্পনায় উদ্বেগ, জড়িতদের গ্রেপ্তারের দাবি ইউট্যাবের
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৫৩ সময়
বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পনার নেপথ্যে থাকা ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।সোমবার (১৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এ নিন্দা ও উদ্বেগ জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতা রাজধানীতে অবস্থান করে রুহুল কবির রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন তৎপরতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।তারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে রাজনৈতিক প্রতিপক্ষের বাসভবনে হামলার পরিকল্পনা চরম কাপুরুষোচিত এবং ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।বিবৃতিতে ইউট্যাবের দুই শীর্ষ নেতা আটক ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি হামলার পরিকল্পনার নেপথ্যে থাকা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান।একই সঙ্গে বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দেশের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।তথ্যসূত্র: ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিবের যৌথ বিবৃতি।