দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ে ১২০ রানে থামলেন লিটন
প্রথম দর্পণ, স্পোর্টস ডেক্স||
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, দুপুর ১১:১৬ সময়
দীর্ঘ রানখরা কাটিয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিলেন বাংলাদেশের ব্যাটার লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ১২০ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি এবং চলতি বছরে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ শতক।দলের কঠিন পরিস্থিতিতে উইকেটে এসে তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস সামাল দেন লিটন। টানা দুই বলে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চাপে, তখন ষষ্ঠ উইকেটে দুজন গড়েন ২০২ রানের জুটি। জুটিতে লিটন ছিলেন আক্রমণাত্মক ভূমিকায়। দিনের শেষ সেশনে বাংলাদেশের করা ১৪৩ রানের মধ্যে একাই ৬২ রান যোগ করেন তিনি।হৃদয় বিদায় নেওয়ার পর দিনের শুরুতে কিছুটা অস্বস্তিতে থাকলেও দ্রুত তা কাটিয়ে ওঠেন লিটন। মার্কো ইয়ানসেনকে ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন তিন অঙ্কের রান। এরপর ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়েছিলেন। তবে ড্যান প্যাটারসনের বলে উইয়ান মুলডারের হাতে ক্যাচ দিয়ে থামে তাঁর ১২০ রানের ইনিংস।এর আগে চার ইনিংস আগেই আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন লিটন। সেই ইনিংসে বাংলাদেশ বড় সংগ্রহ গড়লেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রত্যাশা অনুযায়ী রান পাননি তিনি। সিরিজের দুই ইনিংসেই দুই অঙ্কে পৌঁছানোর আগেই আউট হন। ফলে তাঁর ব্যাটিং নিয়ে নতুন করে রানখরার আলোচনা শুরু হয়েছিল। ওয়ান্ডারার্সে সেই আলোচনার জবাব দিলেন সেঞ্চুরি দিয়ে।লিটনের শতকের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের এক ইনিংসে প্রথমবারের মতো দুই সেঞ্চুরির কীর্তি গড়েছে বাংলাদেশ। দলীয় সংগ্রহও পৌঁছে গেছে ৪০০ রানের কাছাকাছি। ৪০০ রান পূর্ণ হলে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের জন্য আরেকটি নতুন মাইলফলক হবে।