শীতের আগমনী বার্তা মিলতে শুরু করেছে। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলমারি থেকে বের হচ্ছে সোয়েটার, জ্যাকেট, হুডি, শাল ও কম্বলসহ নানা শীতের পোশাক। তবে দীর্ঘদিন আলমারিতে তুলে রাখার কারণে এসব পোশাকে জমতে পারে ধুলাবালি, স্যাঁতসেঁতে ভাব, বাসি গন্ধ এমনকি ছত্রাকও। তাই শীতের পোশাক ব্যবহারের আগে সেগুলো পরিষ্কার ও সতেজ করে নেওয়া জরুরি।সামান্য যত্ন ও কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলেই পুরোনো শীতের পোশাক আবার হয়ে উঠতে পারে পরিষ্কার ও ব্যবহারের উপযোগী। এ জন্য যেসব বিষয় খেয়াল রাখা প্রয়োজন—রোদে মেলে দিনশীতের পোশাক সতেজ করার সহজ উপায় হলো কিছুক্ষণ রোদে ও খোলা বাতাসে রাখা। আলমারি থেকে কাপড় বের করে পরিষ্কার জায়গায় মেলে দিলে স্যাঁতসেঁতে ভাব ও বাসি গন্ধ কমতে পারে।তবে উলের সোয়েটার, শাল কিংবা গাঢ় রঙের পোশাক দীর্ঘ সময় কড়া রোদে রাখা উচিত নয়। এসব কাপড় হালকা রোদে অল্প সময় রাখলে রং ও কাপড়ের গঠন ভালো থাকে।ধুলাবালি ঝেড়ে পরিষ্কার করুনদীর্ঘদিন আলমারিতে পড়ে থাকলে পোশাকে ধুলাবালি জমে। তাই ব্যবহারের আগে ভালোভাবে ঝেড়ে নিন। সোয়েটার বা উলের কাপড়ে ধুলা ও ছোট ছোট আঁশ লেগে থাকলে নরম ব্রাশ কিংবা লিন্ট রোলার ব্যবহার করে পরিষ্কার করতে পারেন।প্রয়োজন অনুযায়ী ধুয়ে নিনকাপড়ে দাগ, ঘামের গন্ধ কিংবা অতিরিক্ত ময়লা থাকলে ধুয়ে নেওয়া ভালো। তবে ধোয়ার আগে পোশাকের লেবেলে দেওয়া নির্দেশনা দেখে নেওয়া জরুরি।উলের কাপড় পরিষ্কারের ক্ষেত্রে মৃদু ডিটারজেন্ট ও ঠান্ডা পানি ব্যবহার করা ভালো। অতিরিক্ত ঘষাঘষি এবং কড়া ডিটারজেন্ট কাপড়ের ক্ষতি করতে পারে। জ্যাকেট বা ভারী পোশাক ওয়াশিং মেশিনে দেওয়ার আগে সেটি মেশিনে ধোয়ার উপযোগী কি না, তা নিশ্চিত হতে হবে। কিছু পোশাকের ক্ষেত্রে ড্রাই ক্লিন করানো প্রয়োজন।বাসি গন্ধ দূর করবেন যেভাবেদীর্ঘদিন বন্ধ আলমারিতে থাকার কারণে শীতের পোশাকে বাসি গন্ধ তৈরি হতে পারে। এ ক্ষেত্রে কাপড় কিছুক্ষণ খোলা বাতাসে রাখুন। এরপরও গন্ধ না গেলে পোশাকের ধরন অনুযায়ী ধুয়ে বা পরিষ্কার করে নিন। শুধু সুগন্ধি স্প্রে ব্যবহার করলে গন্ধের মূল কারণ দূর হয় না।কম্বল ও ভারী পোশাকের যত্নকম্বল, লেপ, ভারী চাদর ও মোটা জ্যাকেটেও দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে ধুলাবালি জমতে পারে। এসব জিনিস ভালোভাবে ঝেড়ে বাতাস চলাচল করে এমন জায়গায় মেলে রাখুন। প্রয়োজন হলে ধোয়া বা ড্রাই ক্লিন করিয়ে নিন। ব্যবহারের আগে এগুলো সম্পূর্ণ পরিষ্কার ও শুকনো কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।আলমারি পরিষ্কার রাখুনশুধু পোশাক পরিষ্কার করলেই হবে না, সেগুলো যে আলমারিতে রাখা হয়, সেটিও পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। আলমারি খালি করে ভেতরের ধুলাবালি মুছে ফেলুন। এরপর পুরোপুরি শুকিয়ে গেলে কাপড় গুছিয়ে রাখুন। আলমারিতে আর্দ্রতা থাকলে পোশাকে আবারও দুর্গন্ধ ও ছত্রাক তৈরি হতে পারে।সংরক্ষণের সময় সতর্কতাশীতের পোশাক ব্যবহারের পর আবার তুলে রাখার আগে ভালোভাবে শুকিয়ে নিন। পরিষ্কার ও শুকনো কাপড় ভাঁজ করে রাখুন। এ ক্ষেত্রে বাতাস চলাচলের উপযোগী ব্যাগ বা স্টোরেজ বক্স ব্যবহার করা যেতে পারে। ভেজা কিংবা স্যাঁতসেঁতে পোশাক কখনোই আলমারিতে রাখা উচিত নয়।শীতের পোশাক ব্যবহারের আগে সামান্য সময় নিয়ে পরিষ্কার ও যত্ন নিলে একদিকে যেমন ব্যবহার করা যাবে স্বাচ্ছন্দ্যে, অন্যদিকে তেমনি বাড়বে পোশাকের স্থায়িত্ব। তাই শীত পুরোপুরি শুরু হওয়ার আগেই আলমারির পুরোনো পোশাকগুলো বের করে প্রয়োজনীয় পরিচর্যা করে নেওয়া ভালো।