শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারকার্য এখন থেকে কারাগারে রেখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে মামলার অন্য কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে, আদালতে উপস্থিত হতে অনীহা দেখালে কিংবা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তার ক্ষেত্রেও ভার্চ্যুয়াল হাজিরার ব্যবস্থা প্রযোজ্য হবে।সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।প্রসিকিউশনের আবেদন মঞ্জুরপ্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেন, শাপলা চত্বর মামলায় জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি হাজির করার আবেদন করেছিল প্রসিকিউশন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেছেন। এখন থেকে তাকে কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারিক কার্যক্রমে অংশ নিতে হবে।তিনি আরও জানান, আদেশটি শুধু জিয়াউল আহসানের জন্য সীমাবদ্ধ নয়। মামলার কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে, আদালতে উপস্থিত হতে না চাইলে বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলে তার ক্ষেত্রেও ভিডিও কনফারেন্সে হাজিরার ব্যবস্থা নেওয়া যাবে।আদালতের কার্যক্রমে বিঘ্নের অভিযোগএর আগে সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে ট্রাইব্যুনালে আবেদন করার কথা জানান।তিনি অভিযোগ করেন, জিয়াউল আহসান ও তার আইনজীবী বোন বিভিন্ন মামলার কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। চিফ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে জিয়াউল আহসান ট্রাইব্যুনালে আসতে অনীহা প্রকাশ করেন। কখনো অসুস্থতার কথা বলেছেন, আবার কখনো দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। পরে কারা কর্তৃপক্ষ তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসে। এসব কারণে আদালতের কার্যক্রম বিলম্বিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজিরপ্রসঙ্গত, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সোমবার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে বরখাস্ত হওয়া এই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগে বিচার চলছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন জিয়াউল আহসান।