কোটি টাকার ক্ষয়ক্ষতি, নিঃস্ব একাধিক ব্যবসায়ী ও পরিবারপিরোজপুরের নেছারাবাদ উপজেলার রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি। আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন একাধিক ব্যবসায়ী ও দুটি পরিবার।রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে বাজারের খালপাড়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও বসতঘরে। স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বিপুল পরিমাণ মালামাল ও স্থাপনা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের স্থানীয় চিকিৎসক তপন কুমারের ফার্মেসির পাশের একটি চায়ের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সারিবদ্ধ দোকানগুলোতে। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্তোরাঁ ও তপনের ফার্মেসির দিক থেকে প্রথম আগুনের কুণ্ডলী দেখা যায়। আগুনে তাঁর নিজের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।আরেক ব্যবসায়ী পরিমল জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। বাজারের অন্য পাশে তাঁর দোকান থাকায় সেটি রক্ষা পেয়েছে। তবে চোখের সামনেই বহু ব্যবসায়ীকে তাঁদের সর্বস্ব হারাতে হয়েছে।ফায়ার সার্ভিসের পৌঁছাতে বিলম্ব নিয়ে ক্ষোভঅগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ার জন্য ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্বকে দায়ী করছেন স্থানীয়রা। বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছাতে পারলে অন্তত পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো।তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগাযোগব্যবস্থার প্রতিবন্ধকতার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে।নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু এগারগ্রাম এলাকার সেতু ভাঙা থাকায় বড় গাড়ি নিয়ে সরাসরি সেখানে যাওয়া সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর হয়ে যায়। তবে এর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।এদিকে সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুদ্রপুর বাজার পরিদর্শন করেন।