পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও, নতুন দুই পৌরসভা গঠনের অনুমোদনদেশে বিদ্যমান দুটি থানা বিভক্ত করে নতুন দুটি থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী থানা এবং বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে মোকামতলা থানা গঠন করা হবে।সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন মাতামুহুরী থানা স্থাপন করা হবে। অন্যদিকে, বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় গঠন করা হবে মোকামতলা থানা।এ ছাড়া ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও থানা করার অনুমোদন দেওয়া হয়েছে।নতুন দুই পৌরসভা গঠনের সিদ্ধান্তসভায় বগুড়ার মোকামতলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেটের জৈন্তাপুরে ‘জৈন্তাপুর পৌরসভা’ নামে দুটি নতুন পৌরসভা গঠনের সিদ্ধান্ত হয়েছে।দুই উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তননিকার সভায় লক্ষ্মীপুরের নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। আগের প্রস্তাবে মটবী ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় সদর দপ্তর স্থাপন করা হবে।একইভাবে কুমিল্লার নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে সরিয়ে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে উত্থাপন করা হয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন এবং উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দেয় স্থানীয় সরকার বিভাগ।