গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি মামুনুল হকেরগণভোটের রায় উপেক্ষা করে সরকার একতরফাভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে রাজনৈতিক শক্তি হিসেবে নীরব থাকার সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক। তিনি বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শেখ হাসিনার পথে হাঁটতে চাইলে তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেওয়া হবে না।সোমবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিসের মুন্সিগঞ্জ জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মামুনুল হক বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে এত রক্ত, প্রাণহানি ও আত্মত্যাগ শুধু সংবিধানের কিছু সংশোধনের জন্য হয়নি। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করা এবং রাষ্ট্রকাঠামোয় মৌলিক পরিবর্তন আনাই ছিল আন্দোলনের অন্যতম লক্ষ্য। তাই গণভোটের রায় বাস্তবায়ন করে জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার করতে হবে।তিনি বলেন, সংসদ নির্বাচনে যেখানে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে, সেখানে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ মতামত দিয়েছেন। একই দিনে অনুষ্ঠিত দুটি নির্বাচনের একটির ফল মেনে নিয়ে অন্যটির ফল প্রত্যাখ্যান করার সুযোগ নেই। জনগণের রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার দাবিসংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে পার্থক্য তুলে ধরে মামুনুল হক বলেন, সংবিধান সংশোধন নিয়মিত সংসদীয় প্রক্রিয়া। সংখ্যাগরিষ্ঠতার জোরে পরবর্তী সময়ে তা পরিবর্তন বা বাতিল করা সম্ভব। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজন মৌলিক ও টেকসই সাংবিধানিক সংস্কার। এমন রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শাসকের উত্থান ঘটতে না পারে।বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, তাঁরা সরকারকে সহযোগিতা করতে চান। তবে জনগণের অধিকার ও গণভোটের রায় উপেক্ষা করা হলে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসেবে নীরব থাকার সুযোগ নেই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তারেক রহমান শেখ হাসিনার পথে হাঁটতে চাইলে তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীদেরও নেতৃত্বকে স্বৈরাচারী প্রবণতা থেকে দূরে রাখতে ভূমিকা রাখতে হবে।দেশের চলমান সংকটের কথা উল্লেখ করে মামুনুল হক বলেন, জ্বালানি সংকট, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, প্রশাসনের দলীয়করণ এবং বিচারব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বিস্তারের মতো সমস্যা রাষ্ট্রকাঠামোর দুর্বলতার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা কেন্দ্রীভূত না রেখে রাষ্ট্রপতির কার্যকর ক্ষমতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে।অতীতের হত্যাকাণ্ডের বিচার দাবিঅতীতের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, জুলাই গণহত্যা, শাপলা গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডেরও বিচার নিশ্চিত করতে হবে। নতুন করে কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শ রাষ্ট্র ও সমাজজীবনে ধারণ করতে হবে।সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতী মোহাম্মদুল্লাহ, এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল এবং মুফতী সিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতী নুর হোসাইন নূরানী।সমাবেশ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ, গ্যাস-বিদ্যুৎ সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, মুন্সিগঞ্জের সড়ক দ্রুত সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানানো হয়।