বৈধ ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা নিয়ে শঙ্কা; নাম পুনর্বহাল ও পুশ-ইন বন্ধের দাবিভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম বাদ পড়া এবং এর মধ্যে মুসলিম ভোটারদের উল্লেখযোগ্য অংশ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির আশঙ্কা, এ প্রক্রিয়ায় দেশটির বৈধ মুসলিম ভোটারদের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ জানান।বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ব্যক্তিদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বৈধ নথি থাকার পরও নাম বাদ দেওয়ার অভিযোগছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় তাঁদের কাউকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক এবং বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগও উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতিতে দাবি করা হয়।ভারতের নির্বাচনি ও সাংবিধানিক আইনের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশটির গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২২ ধারা এবং রেজিস্ট্রেশন অব ইলেক্টরস রুলস, ১৯৬০-এর ২১এ বিধি অনুযায়ী ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।এ ছাড়া ভারতের সংবিধানের ১৪ ও ১৫ অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ধর্ম, বর্ণ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কারও ভোটাধিকার খর্ব করা দেশটির সাংবিধানিক নীতির পরিপন্থী বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।সিএএ-এনআরসিসহ বিভিন্ন পদক্ষেপের সমালোচনাবিবৃতিতে আরও বলা হয়, ভারতে মুসলিমদের নাগরিক ও মৌলিক অধিকার সংকুচিত করার প্রক্রিয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) এবং ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইনের মতো পদক্ষেপের ধারাবাহিকতায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করে ছাত্রশিবির।সংগঠনটির নেতারা অবিলম্বে বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ, প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানান।একই সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক ও নাগরিক অধিকার সুরক্ষায় জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর পদক্ষেপ কামনা করেন তাঁরা।