গ্লোবাল সোর্সিং এক্সপোতে ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক; নতুন ক্রেতা ও রপ্তানি আদেশ পাওয়ার প্রত্যাশাঅস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা খুঁজে পেতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৬’। এতে তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন রপ্তানিমুখী পণ্য নিয়ে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান।মঙ্গলবার (১৭ নভেম্বর) মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এতে ২০টি দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খুঁজে পাওয়ার পাশাপাশি রপ্তানি আদেশ অর্জনের সুযোগ পাবে।বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় মেলায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় অংশগ্রহণ করছে।মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জাসামগ্রীসহ বিভিন্ন সম্ভাবনাময় পণ্য প্রদর্শন করছে। পাশাপাশি ইপিবির পৃথক স্টলে দেশের রপ্তানি খাতসংক্রান্ত প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্যভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সামর্থ্য তুলে ধরা হচ্ছে।প্রদর্শনীতে অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের পরিচিতি ও প্রবেশাধিকার বাড়ানো। একই সঙ্গে নতুন আমদানিকারক ও ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার চেষ্টা করছেন অংশগ্রহণকারীরা। আন্তর্জাতিক ক্রেতা, উৎপাদক, সরবরাহকারী ও ডিজাইনারদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নতুন বাজারের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।মঙ্গলবার সকালে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, ইপিবির সচিব মো. বজলুর রশীদ এবং বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও মেলার আয়োজকেরা অনুষ্ঠানে যোগ দেন।প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত বিশেষ সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, পণ্যের বহুমুখীকরণ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা। সেমিনারে বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক অংশগ্রহণকারীরা বাংলাদেশের রপ্তানি খাত সম্পর্কে ধারণা পান।খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা সৃষ্টি এবং রপ্তানি আদেশ পাওয়ার সুযোগ তৈরি হবে। রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার অনুসন্ধানে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের ক্ষেত্রে ইপিবির সহযোগিতা ও সমন্বয় অব্যাহত থাকবে।