বর্ধিত হজ কোটায় নিবন্ধনের সুযোগ ২২ নভেম্বর পর্যন্ত
প্রথম দর্পণ, জাতীয় ডেস্ক||
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৩১ সময়
২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ সুযোগে আগ্রহী হজযাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।বুধবার (১৮ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীদের কোটা বৃদ্ধি করেছে। বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনায় অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম আগামী ২২ নভেম্বর পর্যন্ত চলবে।২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন কার্যক্রম গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়। আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রীদের কোটা নির্ধারণ করা হয়েছিল ৭৮ হাজার ৫০০ জন।মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ও অব্যবহৃত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে।এদিকে, প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিয়ে হজযাত্রার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।