পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপাতত টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ পর্যন্ত চালানো হচ্ছে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো নির্ধারিত রুটে গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ৭৮৪ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। ফিরতি পথে ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।নতুন নির্দেশনার ফলে আপাতত কালুখালী স্টেশনেই ট্রেনটির যাত্রা শেষ হবে। এতে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী যাত্রীদের কালুখালীর পরবর্তী গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহনের ব্যবস্থা নিতে হবে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি আগের নির্ধারিত রুটে চলাচল শুরু করবে।