সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন ব্যাংকটির তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে। তবে নাইট গার্ডের সতর্কতা এবং স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখার দরজায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগানোর পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্ব পালনরত নাইট গার্ড আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।এ ঘটনায় ব্যাংক কার্যালয়ের কাঠের দরজাটি পুড়ে গেলেও ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, অর্থসহ অন্যান্য মালামালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখার ব্যবস্থাপক আবু হানিফ জানান, রাত ২টার দিকে কে বা কারা ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে নাইট গার্ড চিৎকার করলে ব্যাংকের কর্মী ও পাশের বাড়ির লোকজন এগিয়ে আসেন। পরে পানি দিয়ে আগুন নেভানো হয়। আগুনে শুধু কাঠের দরজা পুড়েছে।তিনি আরও জানান, ঘটনার সময় এলাকায় পুলিশের টহল ছিল। টহল শেষ করে পুলিশ থানায় পৌঁছানোর পরই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।