জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার অচল থাকায় টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে সঞ্চয়পত্রের সব ধরনের সেবা। এতে নতুন সঞ্চয়পত্র কেনা, বিভিন্ন স্কিমের মুনাফা উত্তোলন এবং আয়কর রিটার্নের জন্য উৎসে কর কর্তনের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। ফলে বিশেষ করে মুনাফার ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ও নির্দিষ্ট আয়ের মানুষ এবং আয়করদাতারা ভোগান্তিতে পড়েছেন।সার্ভার সমস্যার কারণে ই-রিটার্নে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দেওয়ার অপেক্ষায় থাকা আবেদনও আটকে গেছে। এতে নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।জাতীয় সঞ্চয় অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আমার দেশকে জানান, গত তিন দিন ধরে সার্ভার ডাউন রয়েছে। সমস্যা সমাধানে কাজ চলছে। বৃহস্পতিবার রাতের মধ্যেই সেবা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।তবে রাতের মধ্যে সার্ভার সচল হলেও গ্রাহকদের লেনদেনের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান এই কর্মকর্তা। রোববার সকাল ৯টা থেকে স্বাভাবিক লেনদেন শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে সার্ভারে সমস্যা দেখা দেয়। এরপর থেকেই সঞ্চয়পত্রের বিক্রি ও অন্যান্য সেবা বন্ধ রয়েছে। সঞ্চয়পত্র কিনতে এসে অনেক গ্রাহককে ফিরে যেতে হচ্ছে। একইভাবে যেসব গ্রাহকের মুনাফা উত্তোলনের সময় হয়েছে, তারাও অর্থ তুলতে পারছেন না।ভোগান্তিতে পড়া গ্রাহক আব্দুল আউয়াল খান জানান, সঞ্চয়পত্রের মাসিক মুনাফার অর্থ দিয়ে তাঁর সংসারের খরচ চলে। কিন্তু কয়েক দিন ধরে সেই অর্থ তুলতে পারছেন না। ব্যাংকে খোঁজ নিয়ে সার্ভার অচল থাকার বিষয়টি জানতে পেরেছেন। গুরুত্বপূর্ণ এ সেবা বন্ধ থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভরশীল অবসরপ্রাপ্ত ব্যক্তি ও নির্দিষ্ট আয়ের মানুষের দৈনন্দিন ব্যয় নির্বাহে এ অর্থ গুরুত্বপূর্ণ। ফলে সার্ভার সমস্যার কারণে দীর্ঘ সময় লেনদেন বন্ধ থাকায় তাঁদের আর্থিক দুর্ভোগ বেড়েছে।