রাজশাহীতে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আগামী ২৮ নভেম্বর (শনিবার) রাজশাহীতে প্রথমবারের মতো তাঁর অংশগ্রহণে এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মাহফিলের বিস্তারিত কর্মসূচি ও প্রস্তুতির কথা জানান আয়োজক সংগঠন ওলামা মাশায়েখ পরিষদের নেতারা।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ নভেম্বর দুপুর ২টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে। এতে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। তাঁদের আশা, অংশগ্রহণকারীদের উপস্থিতিতে এটি রাজশাহীর অন্যতম বৃহৎ তাফসির মাহফিলে পরিণত হবে।ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা রুহুল আমীন বলেন, মাহফিল সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হবে।তিনি আরও জানান, মাহফিলের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আয়োজকদের আলোচনা হয়েছে। এ বিষয়ে তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।মাহফিল সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।