বৈষম্যহীন নবম পে-স্কেল থেকে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণের এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন রেলওয়ে সরকারি কর্মচারীরা।শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা প্রেসক্লাব চত্বরে রেলওয়ে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়িভাড়া বৃদ্ধির কারণে রেলওয়ে কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। বর্তমান বেতন কাঠামোতে পরিবার পরিচালনা, সন্তানদের লেখাপড়া ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়ন করে ১ জানুয়ারি ২০২৬ থেকে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ এখন সময়ের দাবি।বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত এই দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে রেলওয়ে কর্মচারীরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।প্রতিকী অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন রেলকর্মচারী মো. আব্দুল কুদ্দুস। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে স্টেশন রায়পুর, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. ইসমাইল হোসেন, ট্রেন সহকারী মো. হাফিজুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে স্টেশন সয়দাবাদ, সিরাজগঞ্জের স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান, এসএম মো. রেজাউল করিম এবং জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মো. আব্দুল হালিম।এ সময় বিভিন্ন দপ্তরের রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।