প্রথম দর্পণ | বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার জালিয়াতি। এবার জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের স্ক্রিন শেয়ারিং সুবিধাকে কাজে লাগিয়ে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়ার নতুন কৌশল নিয়েছে প্রতারকরা। ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন শেয়ারিং ফ্রড’ নামে পরিচিত এ প্রতারণায় একটি ফোনকলের মাধ্যমেই ব্যবহারকারীর ব্যক্তিগত ও আর্থিক তথ্য চলে যেতে পারে অপরাধীদের হাতে। এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ানকার্ড।যেভাবে ফাঁদে ফেলছে প্রতারকরাইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রতারকরা ব্যাংক বা বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয়ে গ্রাহকদের ফোন করে। একপর্যায়ে ব্যাংক অ্যাকাউন্টে জরুরি সমস্যা হয়েছে কিংবা দ্রুত ব্যবস্থা না নিলে অর্থ হারানোর আশঙ্কা রয়েছে বলে জানায় তারা। এরপর সমস্যার সমাধানের কথা বলে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং চালু করতে অথবা ভিডিও কল করতে অনুরোধ করে।ব্যবহারকারী তাদের কথায় বিশ্বাস করে স্ক্রিন শেয়ারিং চালু করলেই বিপদ শুরু হয়। তখন প্রতারকরা সরাসরি ফোনের পর্দায় প্রদর্শিত তথ্য দেখতে পারে। ফলে ব্যবহারকারী ব্যাংকিং অ্যাপে পাসওয়ার্ড, অ্যাকাউন্ট নম্বর কিংবা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) প্রবেশ করালে সেগুলোও প্রতারকদের নজরে চলে আসতে পারে।এসব তথ্য ব্যবহার করে অপরাধীরা গ্রাহকের অনুমতি ছাড়াই আর্থিক লেনদেন করতে পারে। এমনকি ব্যাংক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ারও ঝুঁকি তৈরি হয়।চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ডশুধু ব্যাংকিং তথ্য নয়, স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে ব্যক্তিগত বার্তা ও অন্যান্য সংবেদনশীল তথ্যও দেখতে পারে প্রতারকরা। কোনো কোনো ক্ষেত্রে ফোনে কী-লগারের মতো ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করার চেষ্টা করে তারা। এ ধরনের সফটওয়্যার ব্যবহারকারীর টাইপ করা তথ্য রেকর্ড করতে পারে। এর ফলে ব্যাংকিং অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাসওয়ার্ড চুরির আশঙ্কাও থাকে।বিশেষজ্ঞদের মতে, কিছু ব্যাংকিং অ্যাপে স্ক্রিন রেকর্ডিং প্রতিরোধের ব্যবস্থা থাকলেও স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে তথ্য প্রকাশের ঝুঁকি পুরোপুরি এড়ানো যায় না।প্রতারণা থেকে নিরাপদ থাকবেন যেভাবেএ ধরনের সাইবার জালিয়াতি এড়াতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ফোনে ব্যাংক কর্মকর্তা পরিচয় দেওয়া ব্যক্তির পরিচয় ব্যাংকের আনুষ্ঠানিক নম্বর বা যোগাযোগমাধ্যমে যাচাই করতে হবে।অপরিচিত কিংবা সন্দেহজনক কারও অনুরোধে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারিং চালু করা যাবে না।স্ক্রিন শেয়ারিং চালু থাকা অবস্থায় ব্যাংকিং অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।অপরিচিত উৎস থেকে কোনো অ্যাপ ইনস্টল করা বা প্রয়োজনীয় অনুমতি দেওয়া যাবে না।অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক কল ও বার্তার বিষয়ে সতর্ক থাকতে হবে।কেউ জরুরি পরিস্থিতির কথা বলে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দিলে আগে তার পরিচয় যাচাই করতে হবে।সন্দেহজনক নম্বর বা প্রতারণার চেষ্টা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।বিশেষজ্ঞদের পরামর্শ, ব্যাংক কখনো ফোনে গ্রাহকের কাছে ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায় না। তাই ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কেউ এসব তথ্য চাইলে তা কোনোভাবেই দেওয়া উচিত নয়।সাইবার প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য বিনিময় না করা, ফোনের নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো সন্দেহজনক অনুরোধ যাচাই করাই সবচেয়ে কার্যকর উপায়।তথ্যসূত্র: গালফ নিউজ, ইকোনমিক টাইমস ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ানকার্ডের সতর্কবার্তা।বিভাগ: বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি