ফোন নম্বর ও ই-মেইল দিয়ে খুঁজে পাওয়ার সুযোগ সীমিত করুন; বন্ধ রাখুন কন্টাক্ট আপলোড সুবিধাফেসবুক ব্যবহারকারীদের অনেকেই ‘পিপল ইউ মে নো’ বা ‘আপনি যাদের চিনতে পারেন’ তালিকায় অপরিচিত ব্যক্তিদের প্রোফাইল দেখতে পান। আবার একইভাবে অন্য ব্যবহারকারীদের কাছেও নিজের প্রোফাইল ফ্রেন্ড সাজেশন হিসেবে চলে যেতে পারে। ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, পারস্পরিক বন্ধু, একই গ্রুপে যুক্ত থাকা এবং আপলোড করা ফোনের কন্টাক্ট তালিকাসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে এসব পরামর্শ দেয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।তবে ফেসবুকের কয়েকটি গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে অপরিচিতদের কাছে নিজের প্রোফাইল সাজেস্ট হওয়ার সুযোগ অনেকটাই সীমিত করা সম্ভব। এ জন্য কিছু নির্দিষ্ট সেটিংস পরিবর্তন করতে হবে।ফোন নম্বর ও ই-মেইল দিয়ে খুঁজে পাওয়ার সুযোগ বন্ধফেসবুক অ্যাপের মেনু বা প্রোফাইল ছবি থেকে প্রথমে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে যেতে হবে। এরপর ‘সেটিংস’ নির্বাচন করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ বিভাগের ‘হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ’ অপশনে প্রবেশ করতে হবে।সেখানে ‘পিপল উইথ ইয়োর ফোন নাম্বার’ এবং ‘পিপল উইথ ইয়োর ই-মেইল অ্যাড্রেস’ অপশনে আলাদাভাবে গিয়ে ‘নো ওয়ান’ নির্বাচন করতে হবে। এতে ফোন নম্বর ও ই-মেইল ঠিকানার ভিত্তিতে অন্যদের কাছে নিজের প্রোফাইল সাজেস্ট হওয়ার সুযোগ সীমিত হবে।তবে এ সেটিংস পরিবর্তন করলেই সব ধরনের ফ্রেন্ড সাজেশন বন্ধ হবে না। পারস্পরিক বন্ধু, একই গ্রুপে যুক্ত থাকা কিংবা অন্যান্য তথ্যের ভিত্তিতেও প্রোফাইলটি অন্যদের কাছে প্রদর্শিত হতে পারে।ফোনের কন্টাক্ট আপলোড বন্ধ রাখুনফেসবুক ও মেসেঞ্জারে ফোনের কন্টাক্ট তালিকা আপলোডের সুবিধা চালু থাকলে সংরক্ষিত ফোন নম্বর ও ই-মেইল ঠিকানার ভিত্তিতে পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট খুঁজে পাওয়ার সুযোগ তৈরি হয়। তাই এ সুবিধা বন্ধ রাখলে ফ্রেন্ড সাজেশনের একটি উৎস সীমিত করা সম্ভব।এ জন্য ফেসবুক অ্যাপের ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশনে যেতে হবে। এরপর ‘অ্যাকাউন্টস সেন্টার’ নির্বাচন করে ‘ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস’ অপশনে প্রবেশ করতে হবে। সেখান থেকে ‘আপলোড কন্টাক্টস’ নির্বাচন করে নিজের ফেসবুক অ্যাকাউন্টের কন্টাক্ট আপলোড সুবিধা বন্ধ করতে হবে।তবে শুধু আপলোড বন্ধ করলেই আগে থেকে আপলোড করা কন্টাক্ট মুছে যায় না। পুরোনো তথ্য সরাতে মেটার ‘ম্যানেজ ইয়োর আপলোডেড কন্টাক্টস’ পেজে গিয়ে সেগুলো আলাদাভাবে মুছে ফেলতে হবে। মেসেঞ্জারে কন্টাক্ট আপলোডের জন্য পৃথক সেটিংস থাকায় সেখানেও সুবিধাটি বন্ধ করতে হবে।অপ্রয়োজনীয় ফ্রেন্ড সাজেশন সরিয়ে ফেলুন‘পিপল ইউ মে নো’ তালিকায় নির্দিষ্ট কোনো ব্যক্তির প্রোফাইল দেখতে না চাইলে তার নামের পাশে থাকা ‘রিমুভ’ অপশনে ট্যাপ করা যায়। এতে নিজের সাজেশন তালিকা থেকে ওই ব্যক্তির প্রোফাইলটি সরে যাবে।অন্যদিকে, নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা প্রোফাইল দেখার সুযোগ সীমিত করতে চাইলে তাকে ব্লক করা যেতে পারে। তবে ব্লক করার প্রভাব মূলত ওই নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রেই কার্যকর হবে।পুরোপুরি বন্ধ করার সুযোগ নেইফেসবুকে ‘পিপল ইউ মে নো’ বা ফ্রেন্ড সাজেশন সুবিধাটি সবার জন্য স্থায়ীভাবে বন্ধ করার কোনো একক সেটিংস নেই। ফলে গোপনীয়তা সেটিংস পরিবর্তন, ফোনের কন্টাক্ট আপলোড বন্ধ এবং অপ্রয়োজনীয় তথ্যের ব্যবহার সীমিত করলেও সব ধরনের ফ্রেন্ড সাজেশন পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।তাই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় ফেসবুকের এসব সেটিংস পর্যালোচনা করার পাশাপাশি নিজের প্রোফাইলে কোন তথ্য সবার জন্য উন্মুক্ত থাকবে, সে বিষয়েও সচেতন থাকা জরুরি।তথ্যসূত্র: ২১ নভেম্বর ২০২৬; মেটার ফেসবুক ও অ্যাকাউন্টস সেন্টারের গোপনীয়তা সেটিংসসংক্রান্ত নির্দেশনা।