ভারতীয় হাইকমিশনারকে তলব
প্রথম দর্পণ, ডেস্ক||
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৩ সময়
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-এর সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এ প্রতিবাদের অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত ভারত-এর ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইশরাত জাহান তাকে ডেকে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবাদ জানান।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, হিমন্ত বিশ্ব শর্মার একটি সাক্ষাৎকার সরকারের নজরে আসার পর সেটিকে বাংলাদেশ–ভারত সম্পর্কের জন্য অবমাননাকর ও বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করা হয়েছে।বিশেষ করে কথিত “পুশব্যাক” বা অবৈধ অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর বিষয়ে তার বক্তব্যকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ঢাকা।মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ধরনের স্পর্শকাতর দ্বিপাক্ষিক ইস্যুতে তথ্যপ্রমাণ ছাড়া মন্তব্য করা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক নয়। অমীমাংসিত বিষয়গুলো আন্তর্জাতিক নিয়ম ও বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর মাধ্যমেই সমাধান করা উচিত বলে জানানো হয়েছে।এছাড়া ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে এমন মন্তব্য থেকে রাজনৈতিক নেতাদের বিরত থাকার আহ্বানও জানিয়েছে বাংলাদেশ।